১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতির পিতা নিয়ে মন্তব্য, ‘ক্ষমা চাইতে হবে’ অভিজিৎকে

গায়কের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হবে বলেও সতর্ক করেছেন নোটিশ পাঠানো ওই আইনজীবী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2025, 02:18 PM

Updated : 26 Aug 2026, 11:32 AM

মোহনদাস করমচাঁদ গান্ধীকে ‘পাকিস্তানের জাতির পিতা’ বলায় আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন ভারতের গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, শুভংকর মিশ্রর পডকাস্টে এসে এই প্লেব্যাক গায়ক বলেছেন, গান্ধী তো ভারতের নন, ‘পাকিস্তানের জাতির পিতা ছিলেন’।

গায়কের কথায়, “রাষ্ট্র হিসেবে ভারত আগে থেকেই ছিল, পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছে।” 

তিনি বলেন, “গান্ধীকে ভুল করে ভারতের জাতির পিতা বলা হয়েছে। তার জন্যই পাকিস্তান তৈরি হয়েছে। পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যায়।”

অভিজিতের এই বক্তব্যে পুণের আইনজীবী অসীম সরোদ তাকে আইনি নোটিস পাঠিয়েছেন। সেখানে অভিজিৎকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। না হলে গায়কের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হবে বলেও সতর্ক করেছেন নোটিশ পাঠানো ওই আইনজীবী। 

সাতচল্লিশে দেশভাগ নিয়ে গান্ধীজির উক্তি ওই নোটিসে দেওয়া হয়েছে।

আইনজীবী অসীম সরোদ বলেন, “গান্ধী হিন্দু-মুসলিম ঐক্যের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। ভ্রাতৃত্বের আদর্শকেও প্রচার করেছিলেন।”

গান্ধীকে নিয়ে মন্তব্য করায় অনেকেই অভিজিতের ওপরে ক্ষেপেছেন।

একজন বলেন, “উনি জাতির পিতা ছিলেন কী ছিলেন না, তা ঠিক করার আপনি কে?’ ”

একজন বলেছেন, “অভিজিতের থেকে ভালো কিছু আশা করাই যায় না। এসব মানুষেরা বড় চেয়ারে বসে শুধুমাত্র বাজে কথাই বলেন।”

ওই পডকাস্টে সেখানেই থেমে যাননি অভিজিৎ। তিনি বলেছেন গানের জগতে আর ডি বর্মণ (রাহুল দেব বর্মণ) ছিলেন ‘জাতির পিতা’। 

“মহাত্মা গান্ধীর চেয়েও মহান মানুষ ছিলেন আর ডি বর্মণ।”