Published : 10 Aug 2026, 11:58 PM
‘আদিম’ খ্যাত নির্মাতা যুবরাজ শামীমের ‘অতল’ সিনেমা এবার যাচ্ছে রাশিয়ার চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি ১৯তম 'ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্ল্যাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' এর মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।
রাশিয়ার ওরেনবুর্গে অনুষ্ঠিত এই উৎসবটি সংক্ষেপে ওরেনবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নামে পরিচিত।
নির্মাতা শামীম বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'অতল' উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে। উৎসব কর্তৃপক্ষ সিনেমাটির দুইটি প্রদর্শনীর অনুমতি চেয়েছে।
এর মধ্যে একটি থাকবে প্রতিযোগিতা বিভাগের আনুষ্ঠানিক প্রদর্শনী এবং চলচ্চিত্রটি পুরস্কার জিতলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী চলচ্চিত্র হিসেবে দ্বিতীয়বার প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
আগামী ২১ থেকে ২৭ অগাস্ট অনুষ্ঠিত হবে উৎসবের ১৯তম আসর। এই আসরে অংশ নিতে ১৯ অগাস্ট শামীম রাশিয়ার উদ্দেশে রওনা হবেন।
চলচ্চিত্র নির্বাচনের পাশাপাশি উৎসব কর্তৃপক্ষ নির্মাতা শামীমকে দুইটি মাস্টারক্লাস পরিচালনার জন্যও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। উৎসব চলাকালে তিনি স্বাধীন চলচ্চিত্র নির্মাণ, স্বল্প সম্পদে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা এবং নিজের চলচ্চিত্রভাষা নিয়ে দুইটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।
চলচ্চিত্র নির্বাচন ও উৎসবের আমন্ত্রণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে যুবরাজ শামীম বলেন, "'অতল' মূলত প্রচলিত ধারার কোনো চলচ্চিত্র নয়; দর্শক কিংবা চলচ্চিত্র উৎসব কাউকেই বাণিজ্যিক বা প্রথাগত উদ্দেশ্যে সন্তুষ্ট করার জন্য এটি নির্মাণ করা হয়নি। এমন প্রেক্ষাপটে কোনো আন্তর্জাতিক উৎসব যখন সিনেমাটির প্রতি আগ্রহ দেখায়, তখন নিজের শিল্পভাষাকে নতুন করে খুঁজে পাওয়ার তাগিদ আরও জোরদার হয়।"
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অভিজ্ঞতামূলক পাঠ দেওয়ার আমন্ত্রণ পাওয়া নিয়ে তিনি বলেন, "দেশের ভেতরেই কখনো চলচ্চিত্র বিষয়ক বিশেষ পাঠদানের কথা ভাবিনি, সেখানে বিদেশের মাটিতে এমন একটি সম্মানজনক উৎসবে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে স্বাধীন চলচ্চিত্র নির্মাণ ও নিজের নির্মাণদর্শন নিয়ে কথা বলতে পারব এটা ভেবেই আনন্দ লাগছে।"
শিল্পীর মূল্যায়ন নিয়ে এই পরিচালক বলেন, "আমাদের দেশে শিল্পীদের অবস্থান নিয়ে যেখানে আক্ষেপের সুযোগ রয়েছে, সেখানে আন্তর্জাতিক আঙিনায় আমার এই শিল্পযাত্রার একটি স্বীকৃতি বা উদযাপন হচ্ছে এটি স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দের বিষয়।"
এর আগে চলতি বছরের এপ্রিলে সিনেমাটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ও প্রদর্শিত হয়েছে।
‘অতল’ সিনেমার চিত্রনাট্য অস্তিত্ব সংকটে ভোগা একজন মানুষের মনস্তত্ব তুলে ধরেছে।
সিনেমাটি নিয়ে শামীম বলেন, "একজন মানুষ যার প্রায়ই মনে হয় সে মৃত্যু পরবর্তী জীবন পার করছেন কিংবা অন্যের অসমাপ্ত জীবন কাটাচ্ছেন। যেখানে সময়, তার চারপাশের চরিত্র সব থমকে আছে। সেটাই ‘অতলে’ উপস্থাপন করার চেষ্টা করেছি।"
‘অতল’ শামীমের প্রযোজনা প্রতিষ্ঠান দরবার শরীফ প্রযোজিত প্রথম সিনেমা।
এতে অভিনয় করেছেন নাঈম তুষার। অভিনয়ের পাশাপাশি ‘অতল’ এর সিনেমাটোগ্রাফির দায়িত্বও সামলেছেন তিনি।
সিনেমার শব্দগ্রহণের কাজ করেছেন রিপন নাথ, কালারে আব্দুল্লাহ্ রাকিব এবং পোস্টার করেছেন মেঘদল ব্যান্ডের শিবু কুমার শীল।