২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিংয়ে আহত শাহরুখ

লস অ্যাঞ্জেলেসে শুটিংয়ের সময় আঘাত পান শাহরুখ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 04:02 PM

Updated : 04 Jul 2023, 04:11 PM

যুক্তরাষ্ট্রে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। আঘাতের কারণে নাকে অস্ত্রোপচারও করাতে হয়েছে এই নায়ককে।

হিন্দুস্তান টাইমস বলছে, লস অ্যাঞ্জেলেসে শুটিং চলছিল শাহরুখের। যদিও কোন সিনেমার সেটে এমন দুর্ঘটনা ঘটে, তা জানা যায়নি।

শাহরুখের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, ওই সেটে আচমকা আঘাত পান শাহরুখ। নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় তার। এক মুহূর্তও দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারও করা হয় অভিনেতার।

আপাতত নাকে ব্যান্ডেজ নিয়ে মুম্বাইয়ে ফিরে বাড়িতে বিশ্রামে আছেন শাহরুখ।

শাহরুখের আগামীর সিনেমা অ্যাকশন থ্রিলার ‘জওয়ান’ মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর।

শুটিং সেটে শাহরুখের আহত হওয়ার খবর আসতে তার অনুরাগীরা ধারণা করছেন, ‘জওয়ান’ র অ্যাকশন দৃশ্য করতে গিয়েই বুঝি চোট পেয়েছেন শাহরুখ। যদিও অভিনেতা বা তার টিমের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

৫৭ বছর বয়সী এই অভিনেতা তার ৩১ বছরের ক্যারিয়ারে বেশিরভাগ সময়ে ঝুঁকির দৃশ্যে স্টান্টম্যানের সহযোহিতা ছাড়াই কাজ করেন। তাই ক্যারিয়ারে শুটিং করতে গিয়ে আহত হওয়ার নজির শাহরুখের এই প্রথম নয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেইসব আঘাতের পর শাহরুখকে অস্ত্রোপচার কক্ষ ঘুরে আসতে হয়েছে।

২০১৭ সালে ‘রেইস’ সিনেমা করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন শাহরুখ। এছাড়া ‘চেন্নাই এক্সপ্রেস, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘রা-ওয়ান’সহ আরও কয়েকটি সিনেমার শুটিংয়ের সময়ে কাঁধ, হাঁটু ও মেরুদণ্ডে বড়-ছোট জখম হয় তার।