‘মিরাকল ইন হ্যাভেন’র নেপাল জয়
সিনেমাটি ইউনিসেফ মিডিয়া অ্যাওয়ার্ড থেকে মনোনয়ন এবং ইউএসএআইডি থেকে পুরস্কৃত হয়েছে।
নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ‘বেস্ট ইন্টারন্যাশনাল হিউমান রাইটস ফিল্ম অ্যাওয়ার্ড’ জিতেছে কথাসাহিত্যিক ও নির্মাতা গোলাম রব্বানীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিরাকল ইন হ্যাভেন’।
নেপাল থেকে ফিরে গোলাম রাব্বানী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “অনেকখানি হিন্দু, অনেকখানি মুসলমান, অনেকখানি বৌদ্ধ কিংবা অনেখানি খ্রিস্টান হওয়ার আগে সকলের উচিৎ একটুখানি মানুষ হওয়া- এমন ধারণার উপর নির্মিত সিনেমাটি বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার জিতেছে।”
সিনেমাটি ইউনিসেফ মিডিয়া অ্যাওয়ার্ড থেকে মনোনয়ন এবং ইউএসএআইডি থেকে পুরস্কৃত হয়েছে বলেও তিনি জানান।
রব্বানী বলেন, “চলচ্চিত্র জুড়ে আমি এমন এক সংকটের কথা বলতে চেয়েছি, যা পৃথিবীর সকল দেশেই বিদ্যমান। এই ভয়াবহ সংকট যদি মানুষ কাটাতে না পারে তাহলে অচিরেই পৃথিবী হয়ে উঠবে এক ভয়াবহ যুদ্ধভূমি।”
তিনি জানান, মিরাকল ইন হ্যাভেন সিনেমাটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত বাংলা ফিল্ম ফেস্টিভাল অব ডালাসে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার ছাড়াও ফ্রান্সের কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালের মাসিক প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে।
ভারতের কলকাতায় আয়োজিত গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালে সেরা বিদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কারও জিতেছে সিনেমাটি।
রব্বানী জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারতসহ বেশ কিছু দেশের কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি।
মিরাকল ইন হ্যাভেন সিনেমায় অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সিফাত বন্যা, জয়ন্ত পাল, রবিন আহমেদ প্রমুখ। সিনেমার সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ।
মিরাকল ইন হ্যাভেন চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মুহাম্মদ জাহিদুল ইসলাম রণি। সহকারী প্রযোজক হিসেবে ছিলেন মুহাম্মদ মাহবুবুল হক।
