আইএস সদস্যকে রুশ নারীর বিয়ের গল্প নিয়ে নাটক, পরিচালক ও নাট্যকারের কারাদণ্ড
‘দ্য ব্রেভ ফ্যালকন ফিনিস্ট’ নামের একটি নাটক নির্মাণের জন্য থিয়েটার পরিচালক ইভজেনিয়া ভারকোভিচ ও নাট্যকার এজভেতলানা পেত্রিচুককে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি সামরিক আদালত।
সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগে রাশিয়ার একজন ন্যাট্যকার এবং পরিচালককে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে দেশটির আদালত।
বিবিসি লিখেছে, ‘দ্য ব্রেভ ফ্যালকন ফিনিস্ট’ নামের একটি নাটক নির্মাণের জন্য থিয়েটার পরিচালক ইভজেনিয়া ভারকোভিচ ও নাট্যকার এজভেতলানা পেত্রিচুককে মস্কোর একটি সামরিক আদালত ছয় বছর করে কারাদণ্ড দিয়েছে।
রায়ে বলা হয়েছে, কারগার থেকে মুক্তি পাওয়ার তিন বছর পর পর্যন্ত তারা কোনো ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন না।
এই দুই নারীর আইনজীবী সেনিয়া কারপিনসকায়া এ মামলার শুনানিকে ‘বেয়াইনি ও অন্যায্য’ হিসেবে বর্ণনা করেছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও তিনি জানিয়েছেন।
‘দ্য ব্রেভ ফ্যালকন ফিনিস্ট’ নাটকটি রচিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। সেখানে এক রুশ নারীর গল্প তুলে ধরা হয়েছে, যিনি সিরিয়ার গৃহযুদ্ধের সময় দেশটিতে গিয়েছিলেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক সদস্যকে বিয়ে করার জন্য।
ইভজেনিয়া ভারকোভিচ ও নাট্যকার এজভেতলানা পুলিশ হেফাজতে আছেন গত বছরের মে মাস থেকে। এখন কারাবাসের জন্য তাদেরকে নির্বাসন কলোনিতে পাঠানো হবে।
রাশিয়ার সংবাদ সংস্থা আরবিসির বরাতে বিবিসি লিখেছে, প্রসিকিউশন ‘দ্য ব্রেভ ফ্যালকন ফিনিস্ট’ নাটকে আইএস নিয়ে ‘ইতিবাচক’ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয় মামলায়। সরকারি কৌঁসুলি একাতরিনা ডেনিসোভা বলেন, নাটকটি সন্ত্রাসবাদকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে।
মে মাসের শেষের দিকে এই নাট্যকার ও পরিচালকের বিচার শুরু হয়। ইভজেনিয়া ভারকোভিচ (৩৯) ও নাট্যকার এজভেতলানা পেত্রিচুক (৪৪) শুনানিতে নিজেদেরকে নির্দোষ দাবি করে বলেছিলেন, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলেই ওই নাটকটি মঞ্চস্থ করেছিলেন।
ভারকোভিচ বলেন, “উদ্দেশ্য ছিল সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমার মনে সন্ত্রাসীদের জন্য নিন্দা এবং ঘৃণা ছাড়া কিছুই নেই। আমি মৌলবাদের কোনো বিষয় তুলে ধরিনি।”
আদালতের এই রায়কে স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে এক ধরনের বিপৎসংকেত হিসেবে দেখে রাশিয়ার শিল্পীসমাজ।
কিছুদিন আগে রাশিয়ার মস্কো ও দাগেস্তানে হামলা চালায় জঙ্গি সংগঠন আইএস। এসব ঘটনায় ইউক্রেন জড়িত বলে দাবি করেছে রাশিয়া।
