প্রতীক্ষা শেষ, এল ‘মাইকেল’ সিনেমার আইম্যাক্স ট্রেইলার
আগের টিজার ও ট্রেইলারগুলোতে প্রকাশ করা হয়নি এমন কিছু দৃশ্য যোগ করা হয়েছে আইম্যাক্স ট্রেইলারে।
কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ নিয়ে আগ্রহ তুঙ্গে থাকা অবস্থাতেই আইম্যাক্স প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ট্রেইলার।
মুক্তি পাওয়া ২ মিনিট ২৮ সেকেন্ডের ট্রেইলারটি নজর কেড়েছে জ্যাকসন ভক্তদের।
প্রযোজক ইউনিভার্সাল ও লায়নসগেইট গেল ২ ফেব্রুয়ারি ‘মাইকেল’ এর আনুষ্ঠানিক ট্রেইলার মুক্তি দিলেও, আইম্যাক্স ফরম্যাটের জন্য বাড়তি আগ্রহ ছিল ভক্তদের। তাদের অপেক্ষা বিফলে যায়নি। আগের টিজার ও ট্রেইলারগুলোতে প্রকাশ করা হয়নি এমন কিছু দৃশ্য যোগ করা হয়েছে আইম্যাক্স ট্রেইলারে।
ভাইদের সঙ্গে মিলে জ্যাকসনের ‘দ্য জ্যাকসন ফাইভ’ গঠন, জনপ্রিয়তা কুড়ানো, বাবা জোসেফ জ্যাকসনের সঙ্গে সম্পর্ক ও একক ক্যারিয়ার গড়তে ব্যান্ড ছেড়ে বের হয়ে যাওয়ার ঘটনার দৃশ্য যুক্ত করা হয়েছে নতুন এই ট্রেইলারে।
আগামী ২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘মাইকেল’। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তার বড় ভাই জারমেইন জ্যাকসনের ছেলে জাফার জ্যাকসন। অ্যাান্টন ফুকোয়া পরিচালিত সিনেমায় আরও অভিনয় করেছেন নায়া লং ও লরা হ্যারিয়ার।
২০০৯ সালের ২৫ জুন পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান মাইকেল জ্যাকসন। চার দশকের দীর্ঘ সংগীত ক্যারিয়ারে ভক্তদের তিনি উপহার দিয়েছেন অফ দ্য ওয়াল, থ্রিলার, ব্যাড, ডেঞ্জারাস ও হিস্ট্রির মত অ্যালবাম। থ্রিলার সর্বকালের সর্বাধিক বিক্রিত অ্যালবাম হিসেবে নাম তুলে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
শুধু গান গেয়েই নয়, পারফরম্যান্সের জন্যও মাইকেল ছিলেন অনবদ্য। তার বিট ইট, থ্রিলার ও বিলি জিন এর মিউজিক ভিডিও আশির দশকে কৃষ্ণাঙ্গ শিল্পীদের মূলধারার পপ সঙ্গীতে আসতে ও জনপ্রিয় হতে সহায়তা করে।
