১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টিভিতে যাকে সহজে দেখা ‘যায় না’

‘সোনার সিন্দুক’ প্রচার হবে বিটিভিতে ‘হীরক জয়ন্তী’ উপলক্ষে বুধবার রাত ৯টা ৫ মিনিটে।

টিভিতে যাকে সহজে দেখা ‘যায় না’
‘সোনার সিন্দুক’ নাটকের দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2024, 04:18 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

তাল-ছন্দ ও ঘুঙুরে তাকে বেশি পাওয়া গেলেও অভিনয়ও করেন মাঝেমধ্যে; তিনি নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।নাটক করেন বেছে বেছে, চিত্রনাট্য পছন্দ হলে। এবার তেমনই একটি কাজ ‘মনে ধরায়’ মৌকে পাওয়া যাবে নাটক ‘সোনার সিন্দুক’ এ।

এই নাটকে মৌ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।

‘সোনার সিন্দুক’ প্রচার হবে বিটিভিতে ‘হীরক জয়ন্তী’ উপলক্ষে বুধবার রাত ৯টা ৫ মিনিটে।

নিজের অভিনয় নিয়ে মৌ বলেছেন তার ‘খুব কম’ অভিনয় করা হয়।

“গল্প পছন্দ হলে অভিনয় করি, নয়ত নয়। তাই টিভি খুললেই আমাকে দেখা যায় না।“

সোনার সিন্দুক নাটকের গল্পটি মৌয়ের পছন্দ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।

নাটকের গল্পে দেখা যাবে, অলংকারপুরের জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টে চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে এই জমিদারবাড়িতে থাকতে চায়।

উইলের শর্ত অনুযায়ী, সে পায় ট্রাস্টের টাকা এবং সোনার একটি সিন্দুক। সদ্য বিবাহিত স্ত্রী উপমাকে নিয়ে জমিদারবাড়িতে আসে সোহেল। 

রাতে উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়ে। একপর্যায়ে সিন্দুক খোলার পর দেখা যায়, সেখানে টাকাপয়সা ও সোনা যাই রাখা হোক না কেন, সেগুলো দ্বিগুণ হয়ে ফিরে আসে।

এরপর উপমা নিজের চেহারা দ্বিগুণ সুন্দর করতে সিন্দুকের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু সিন্দুক খুলে হুবহু উপমার মতো দুজনকে দেখে চমকে যায় সোহেল। 

উপমা চরিত্রটি করেছেন মৌ।  

তিনি বলেন, " দ্বৈত চরিত্রে অভিনয়ের আলাদা চ্যালেঞ্জ থাকে। এছাড়া বিটিভির হীরক জয়ন্তীর বিশেষ নাটকে কাজ করাটাও আলাদা ভালো লাগা দিয়েছে।"

সোনার সিন্দুক নাটকে মৌয়ের বিপরীতে আছেন গোলাম কিবরিয়া তানভীর। 

আরও অভিনয় করেছেন আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলাসহ অনেকে।