২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মাননা পেয়ে ‘কৃতজ্ঞ’ করণ

বিনোদন জগতে অবদানের জন্য ভারতীয় এই নির্মাতাকে সম্মানিত করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 12:05 PM

Updated : 27 Jun 2023, 11:14 AM

বলিউড ইন্ডাস্ট্রিকে সাত বছর পর নতুন সিনেমা উপহার দিচ্ছেন নির্মিতা-প্রযোজক করণ জোহর এবং চলতি বছর ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে তার; জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে করণের মুকুটে যোগ হল নতুন পালক।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাজ্যে আয়োজিত এক অনুষ্ঠানে করণ পেয়েছেন বিশেষ সম্মাননা। বিনোদন জগতে অবদানের জন্য ভারতীয় এই নির্মাতাকে সম্মানিত করা হয় ব্রিটিশ পার্লামেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে।

সম্মাননা পেয়ে করণ বলেন, “আমি ভাগ্যবান এবং গভীরভাবে কৃতজ্ঞ।”

লেস্টারের ব্যারোনেস ভার্মা, লর্ড দেশাই, ব্যারোনেস উদ্দিন এবং এমপি তানমনজিৎ সিংসহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

সম্মাননাপত্র হাতে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে করণ লিখেছেন, “একটি বিশেষ দিন ছিল। লন্ডনের ব্রিটিশ হাউস অব পার্লামেন্টে সম্মানিত হতে পেরে আমি সৌভাগ্যবান এবং গভীরভাবে কৃতজ্ঞ। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমার ২৫তম বার্ষিকী উদযাপন করেছি এবং আমার নতুন সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার টিজারও প্রকাশ করা হয়েছে। একসঙ্গে এত সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে ছোট এই জীবনে।“

করণ বলেছেন, “আমার যাত্রায় আপনারা আমাকে যে অদম্য ভালবাসা দেখিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আরও অনেক কিছু আসবে!”

নির্মাতার ভূমিকায় করণকে শেষ দেখা যায় ২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যা মুশকিল’ সিনেমায়। দীর্ঘ অনুপস্থিতির কারণ কখনোই সেভাবে স্পষ্ট করেননি। বিভিন্ন অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন এলে বলেছেন ‘সবুর’ করতে।

‘কুচ কুচ হোতা হ্যায়’ দিয়ে ১৯৯৮ সালে বলিউডে নির্মাণে অভিষেক তার। প্রথম সিনেমাতেই করেছিলেন ‘বাজিমাত’। এরপর ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’সহ অনেক দর্শকপ্রিয় সিনেমা পরিচালনা করেন করণ। ছোটপর্দার তারকালাপ ‘কফি উইথ করণ’ এর উপস্থাপক হিসেবেও বেশ জনপ্রিয় তিনি।

তার ব্লকবাস্টার 'কভি খুশি কভি গম' এবং 'মাই নেম ইজ খান' মুক্তির পরে কেবল ভারতে নয়, যুক্তরাজ্যের বক্স অফিসে সবচেয়ে বেশি উপার্জনকারী ভারতীয় চলচ্চিত্র হিসাবে রেকর্ড গড়েছিল। 

তাই করণের দীর্ঘ বিরতির পর তার ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি নিয়ে দর্শকরাও আগ্রহী। প্রেম ও পারিবারিক গল্পের এই সিনেমার ট্রেইলার আসে গত বছর।

সিনেমা মুক্তির আগে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে টিজার। সেই টিজার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন করণের দীর্ঘদিনের বন্ধু বলিউড তারকা শাহরুখ খান।

আলিয়া ভাট ও রণবীর সিংয়ে পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি। রয়েছেন কলকাতার দুই অভিনয় শিল্পী টোটা রায়চৌধুরী ও চূর্ণী গাঙ্গুলিও।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র টিজার প্রকাশ্যে আসতেই সেই ছবির সঙ্গে ‘কভি খুশি কভি গম’র মিল খুঁজে পেয়েছেন অনেকে।

সোশাল মিডিয়া ব্যবহারকারীদের ভাষ্য, কাজল শাহরুখের অভিব্যক্তির মিল তারা খুঁজে পেয়েছেন আলিয়া-রণবীরের মধ্যে।

সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৮ জুলাই।

পুরনো খবর:

পুরনো খবর:

যা খুশি বলো, আমার মৃত্যু নেই: করণ জোহর
সাইফপুত্র ইব্রাহিমকে পর্দায় আনছেন করণ জোহর
দক্ষিণের কাছে বলিউড কেন হারছে? করণ জোহর দুষলেন আমির খানকে
‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক করণের জন্মদিনে