২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ বাড়িতে মৃত অবস্থায় মিলল দক্ষিণ কোরীয় অভিনেত্রী কিম সে-রনকে

তাকে একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে ধরা হত।

নিজ বাড়িতে মৃত অবস্থায় মিলল দক্ষিণ কোরীয় অভিনেত্রী কিম সে-রনকে
দক্ষিণ কোরীয় অভিনেত্রী কিম সে-রন

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 10:44 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

সিউলে নিজের বাড়ি থেকে দক্ষিণ কোরীয় অভিনেত্রী কিম সে-রনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিবিসি লিখেছে, রোববার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে সিউলের সঙসু-ডং এলাকার কিম সে-রনের বাসায় তাকে মৃত অবস্থায় শনাক্ত করে তারই এক বন্ধু। 

কিমের বয়স হয়েছিল ২৫ বছর।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করে জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের সন্দেহজনক আলামত তারা খুঁজে পায়নি। 

২০০০ সালে সিউলে জন্ম নেওয়া কিম ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে; ২০০৯ সালের 'আ ব্র্যান্ড নিউ লাইফ' সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। 

এরপর ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র 'দ্য ম্যান ফ্রম নোহোয়্যার' ও ২০১২ সালের থ্রিলার 'দ্য নেইবর' সিনেমায় কিমকে পাওয়া যায়।

'দ্য নেইবর' সিনেমায়  অভিনয়ের জন্য কিম পুরস্কারও পেয়েছিলেন।

এছাড়া ২০১৪ সালের 'আ গার্ল অ্যাট মাই ডোর' ও ২০১৬ সালের টিভি সিরিজ 'মিরর অভ দ্য উইচ' কিমের গুরুত্বপূর্ণ কাজ।

দেশটিতে তাকে একজন সম্ভাবনাময় তরুণ অভিনেত্রী হিসেবে ধরা হত। 

নেটফ্লিক্সের ২০২৩ সালের কোরিয়ান ড্রামা 'ব্লডহাউন্ডসে' কিম শেষ কাজ করেছিলেন।

কিমের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কথা ফলাও করে প্রচার হয়েছিল ২০২২ সালে। ওই ঘটনা প্রমাণিত হলে ২০২৩ সালের এপ্রিলে তাকে ২০ মিলিয়ন ওন জরিমানা করা হয়।