‘ব্ল্যাক অ্যাডাম’ এ দেখা মিলবে আরেক সুপারহিরোর?
২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ব্ল্যাক অ্যাডাম’
জনপ্রিয় কমিক সিরিজ ‘ব্ল্যাক অ্যাডাম’ অবলম্বনে একই নামে মুক্তি পেতে যাওয়া সিনেমায় আরেকজন সুপারহিরোকে দেখা যেতে পারে।
নিউ ইয়র্কে সিনেমাটির প্রিমিয়ারের আগে এমনটাই আভাস দিয়েছেন মুখ্য চরিত্রে অভিনয় করা ডোয়াইন জনসন।
এ সিনেমায় ভিলেনের ভূমিকায় জনসনের পাশাপাশি দেখা যাবে নোয়া সেন্টিনিও, সারা শাহি, অ্যালডিস হজ ও পিয়ার্স ব্রসনানকে।
সিএনএন লিখেছে, অভিনেতা হেনরি ক্যাভিলকে সুপারম্যানের ভূমিকায় ‘ব্ল্যাক অ্যাডাম’ এ দেখা যাবে বলে যে গুঞ্জন চলছে, সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ডোয়াইন জনসনকে।
এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া ওই সাক্ষাৎকারে জনসন বলেন, ব্ল্যাক অ্যাডামের লক্ষ্য এবং উদ্দেশ্য হল পুরো ডিসি ইউনিভার্সকে গড়ে তোলা, কেবল ব্ল্যাক অ্যাডামকে নয়, দর্শকদের সামনে পুরো জেএসএকে (জাস্টিস সোসাইটি অব আমেরিকা) তুলে ধরা।
“যেমনটা আমি সব সময় বলে এসেছি, আমাদের প্রযোজনার মূল নীতি হল দর্শকদের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।”
জনসন বলেন, বছরের পর বছর ধরে ব্ল্যাক অ্যাডমকে নিয়ে দর্শকদের এত উচ্ছ্বাসের কারণ হল- এ গ্রহের সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি হিসাবে ‘ব্ল্যাক অ্যাডামকে’ তুলে ধরা হয়েছে।
“কিন্তু ভক্তরা এখন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে- বিশ্বব্রহ্মাণ্ডে সেই অপ্রতিরোধ্য শক্তি কোথায়? কোথায় তিনি? আমরা সবাই কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি দেখার অপেক্ষায় আছি।”
আগামী ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ব্ল্যাক অ্যাডাম’৷
