১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বানভাসি মানুষের গল্পে বড় পর্দায় ‘নয়া মানুষ’

'নয়া মানুষ' মুক্তি পেতে পারে চলতি বছরে।

বানভাসি মানুষের গল্পে বড় পর্দায় ‘নয়া মানুষ’
‘নয়া মানুষ’ সিনেমার দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2024, 12:23 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার গল্প নিয়ে ‘নয়া মানুষ’ নামের একটি সিনেমা তৈরি হয়েছে।

সোহেল রানা বয়াতির পরিচালনায় সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি আনকাট সনদ পেয়েছে গত বুধবার।

পরিচালক বয়াতি জানিয়েছেন, ২০২২ সালের অক্টোবরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ তিনি শুরু করেছিলেন। তখন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট ভেঙেচুরে ধ্বংস হয়ে যায়, তাই বাধ্য হয়ে কাজ গুটিয়ে নিতে হয়েছিল।

এরপর গত বছরের এপ্রিল মাস থেকে ফের শুটিংয়ের কাজ মাঠে গড়ায়, শেষ হয় চলতি বছরের এপ্রিলে। 

বয়াতি বলেন, “পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে সিনেমা জমা দিয়েছিলাম। গল্পের মতই নানা দুর্যোগ মোকাবিলা করে চলচ্চিত্রটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই।”

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘নয়া মানুষ’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ।

মৌসুমী বলেন, "চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। প্রতিকূল পরিস্থিতিতে শুটিং করতে হয়েছে। চরের মধ্যেই থেকেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে।"

দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। 

সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেছেন ‘নয়া মানুষ’ চলতি বছরে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে এই সিনেমায় আরও অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশীসহ আরো কয়েকজন।