২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের জওয়ানে আল্লু অর্জুনও?

জওয়ান দিয়ে বলিউডে অভিষেক ঘটছে দক্ষিণী নায়িকা নয়নতারার।

শাহরুখের জওয়ানে আল্লু অর্জুনও?

শাহরুখ খানের জওয়ান সিনেমার টিজার প্রকাশ হয়েছে; এখন আল্লু অর্জুনের ক্যামিও হয়ে আসার খবর বেরিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 08:36 PM

Updated : 13 Feb 2023, 08:36 PM

হালের দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকাদের মধ্যে সামান্থা রুথ প্রভু, রাশমিকা মানদানা, নয়নতারা এরই মধ্যে বলিউডে অভিষিক্ত, সেই তালিকায় নাম উঠছে আল্লু অর্জুনেরও।

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ এ পুষ্পা তারকা ক্যামিও চরিত্রে আসছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম কইমই।

তারা জানিয়েছে, জওয়ানের একটি রোমাঞ্চকর অংশে বিশেষ চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে আল্লু অর্জুনকে।

জওয়ানের এক ঘনিষ্ঠ সূত্র বলেছে, “আল্লুকে সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব করা হয়েছে। গতকালই ঘটেছে ঘটনাটি।”

Image

আল্লু অর্জুন

আল্লুর সম্মতি এখনও না পাওয়া গেলেও জওয়ানের নির্মাতা তামিল চলচ্চিত্রকার অ্যাটলির বিশ্বাস, সিনেমাটিতে এই অভিনেতাকে তিনি পাবেনই।

“কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আল্লু। আমরা আশা করছি, তিনি হ্যাঁ-ই বলবেন।”

দক্ষিণের তারকা অভিনেত্রী নয়নতারার বলিউডে অভিষেক হচ্ছে জওয়ানের মাধ্যমেই। সিনেমাটি প্রযোজনা করছেন শাহরুখের স্ত্রী গৌরি খান।

এই সিনেমায় খলনায়কের ভূমিকায় বিজয় সেতুপতিকে দেখা যাবে। গুঞ্জন রয়েছে বিশেষ চরিত্রে অভিনয় করবেন থালাপথি বিজয়।

গতবছর জুনে জওয়ানের টিজার প্রকাশ পাওয়ার পর দর্শকদের মধ্যে তা বেশ সাড়া ফেলেছিল। ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারে শাহরুখকে ভিন্ন রূপে দেখা যায়। শুধু এক চোখ বের করা এবং সারা মুখে ব্যান্ডেজে মোড়া শাহরুখকে দেখেই বোঝা যাচ্ছিল এটি অ্যাকশনধর্মী একটি সিনেমা।

সিনেমার কাহিনী প্রসঙ্গে শাহরুখ বলেছিলেন, জওয়ানের গল্প সার্বজনীন, যা সব ভাষা এবং ভৌগলিক সীমাকে ছিন্ন করে এগিয়ে যায়। তার প্রত্যাশা সবাই উপভোগও করবেন এই সিনেমাটি।

‘জওয়ান’ হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘জওয়ান’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২ জুন।