১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভদ্রলোকের এক কথা, এক বছরের মধ্যে বিয়ে: রুদ্রনীলের শপথ

রুদ্রনীল বলেন, “প্রায় ১০ বছর ধরে বিয়ে করার প্ল্যান, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।“

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 11:01 AM

Updated : 30 Nov 2023, 11:41 AM

বন্ধু ও সহকর্মী পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ের পর এবার বিয়ের ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা রুদ্রনীল ঘোষ।

তবে না, দিন তারিখ ঠিক হয়নি এখনও। রুদ্রনীল বলছেন, এক বছরের মধ্যেই তিনি বিয়ে করবেন, এটা তার শপথ।

দুই দশকের বেশি সময় ধরে থিয়েটার, বাংলা সিরিয়াল আর সিনেমায় অভিনয় করা রুদ্রনীলের বয়স হয়েছে ৫০ বছর।

সংবাদ প্রতিদিন লিখেছে, ব্যক্তি জীবনে একা থাকার কোনো ইচ্ছা রুদ্রনীলের নেই। বিয়ে করার পরিকল্পা তিনি অনেক বছর ধরেই করে আসছেন। 

অভিনেতার নিজের ভাষায়, “প্রায় ১০ বছর ধরে বিয়ে করার প্ল্যান, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু এবার শপথ নিয়েছি ২০২৪ সালেই বিয়েটা সেরে ফেলব। জানেন তো ভদ্রলোকের এক কথা।“

অভিনয়ের পাশাপাশি পরমব্রতর সঙ্গে ‘ওয়ার্কশপ’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রুদ্রনীল।

বন্ধুর বিয়েতে তাকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমিতো দারুণ খুশি। পরম যাকেই বিয়ে করুক না কেন, নিশ্চয় ভবিষ্যতের কথা ভেবে করেছে। পরমের ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠুক এটাই প্রার্থনা। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল।”

পরমব্রত আগাম কোনো ঘোষণা না দিয়ে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন সমাজকর্মী পিয়া চক্রবর্তীকে। আর তা নিয়ে হইচই পড়েছে সংবাদমাধ্যমে।

এই ‘হঠাৎ’ ব্যাপারটিরও প্রশংসা করেছেন রুদ্রনীল। তিনি বলেন, “পরমের বিয়ের ব্যাপারে নির্মাতা রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিকও জানতেন না। তবে আমিও এমন হুট করেই বিয়েটা সারতে চাই।“

রুদ্রনীল জানান, তার বন্ধু  রাজ ও তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং কাঞ্চন তার বিয়ে দিতে ‘প্রাণান্তকর’ চেষ্টা করে যাচ্ছেন।  কিন্তু ঘটনাটি ‘হয়ে ওঠেনি’।

বিয়ের পাত্রী ঠিক করা আছে, নাকি পছন্দের পর্ব চলছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি বিজেপির রাজনীতি করা এই অভিনেতা।

আরও পড়ুন

পুরানো খবর:

বিয়ে করে ছবি দিলেন পরমব্রত ও পিয়া