২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কলকাতার প্রেসিডেন্সি মাতালো জলের গান

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ‘আইকন নবীন বরণ’ অনুষ্ঠান নাচ-গান-কথায় জমিয়ে তোলেন জলের গানের সদস্যরা।

কলকাতার প্রেসিডেন্সি মাতালো জলের গান

কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে জলের গানের পরিবেশনা

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2022, 04:15 PM

Updated : 24 Nov 2022, 04:15 PM

‘বকুল ফুল’, ‘তোমার জন্য আকাশ ভরা তারা’ এবং ‘এমন যদি হতো’সহ আরও কিছু জনপ্রিয় গান গেয়ে কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাতিয়েছে দেশের ব্যান্ড দল ‘জলের গান’। 

Image

‘বকুল ফুল’, ‘তোমার জন্য আকাশ ভরা তারা’ এবং ‘এমন যদি হতো’সহ আরও কিছু গান গেয়েছেন রাহুলরা

বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘আইকন নবীন বরণ’ অনুষ্ঠান নাচ-গান-কথায় জমিয়ে তোলেন জলের গানের সদস্যরা। তাদের গানে কণ্ঠ মেলান দর্শকরাও। 

গান গাইতে গাইতে দর্শকদের সঙ্গে কথা বলে হাত মেলান জলের গানের মূল ভোকালিস্ট রাহুল আনন্দ।

জলের গানের সদস্য রানা সারোয়ার গ্লিটজকে বলেন, “বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে গান করার মাঝে অন্যরকম আনন্দ পাওয়া যায়। সেখানে নবীন প্রাণের কলরবে মুখর থাকে। প্রেসিডেন্সিতে গান করেও আমরা দারুণ আনন্দ পেয়েছি।” 

দর্শক সারিতেই ছিলেন কলকাতার শিল্পী অর্পণ চক্রবর্তী। তাকে রাহুল আনন্দ ডাকেন মঞ্চে। তিনিও কণ্ঠ মিলিয়ে একসঙ্গে গাইতে থাকেন ‘বকুল ফুল’। 

ফেইসবুকে অর্পণ চক্রবর্তী লিখেছেন, “আজকের অনুভূতিটা অন্যরকম। রাহুল দা দর্শক সারি থেকে ডেকে নিয়ে গাইতে বললো। তারপর জমিয়ে গাইলাম ‘বকুল ফুল’। প্রথমবার জলের গানের সাথে মঞ্চে গাইলাম।”

অনুষ্ঠানের আয়োকজক আইকন ফেইসবুকে লিখেছে, “আইকনের দ্বিতীয় দিনে আমাদের সঙ্গী ছিলেন জলের গান। আমাদের উঠোনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সহস্র ঝরাফুল। স্মৃতি হয়ে থাকল পাগলের ভালবাসা। 

“নবীনের উদযাপনে, নতুনের জয়গানে, যৌবনের কলরবে, প্রথমের সাহসে, গণ্ডী পেরোনোর উচ্ছ্বাসে, বাঁধভাঙার আনন্দে প্রেন্সিডেন্সির বুকে তরঙ্গ উঠেছিল।” 

বৃহস্পতিবার অনুষ্ঠানের তৃতীয় দিনের আয়োজনে থাকবেন শিল্পী ঋদ্ধি, ঋতব্রত, সুরঙ্গনা ও শ্রেয়া।