১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর আর নেই

বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই সুরকার।

‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর আর নেই
গীতিকার, সুরকার আবু জাফর

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 03:54 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী আবু জাফর মারা গেছেন। 

শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

আবু জাফরের মৃত্যুর খবরটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন লোক সংস্কৃতি গবেষক, লেখক ও বাংলা একাডেমির উপপরিচালক সাইমন জাকারিয়া।  

বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই সুরকার, তার বয়স হয়েছিল ৮২ বছর।

সাইমন জাকারিয়া বলেন, “তিনি বাংলা গানের ইতিহাসে অভিনব বাণী ও সুর সংযোজন করেছেন। তার অবদানের তুলনায় তাকে মূল্যায়ন করা হয়েছে খুবই কম।”

রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর। 

তার রচিত সাড়া তোলা দেশাত্মবোধক গান ‘এই পদ্মা এই মেঘনা’ গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল।

এই গীতিকারের অন্যান্য গানের মধ্যে রয়েছে 'তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম', 'নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে', 'আমি হেলেন কিংবা নূরজাহানকে দেখিনি', 'তুমি রাত আমি রাতজাগা পাখি'।

নিজের রচিত ও সুর করা অধিকাংশ গানে তিনি নিজেই কণ্ঠ দিয়েছেন। তার সঙ্গে যুগল গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ও তার প্রাক্তন স্ত্রী ফরিদা পারভীন।

আবু জাফরের মরদেহ নেওয়া হচ্ছে জন্মস্থান কুষ্টিয়ায়। সেখানে আসরের নামাজের পর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা হওয়ার কথা রয়েছে।