১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সন্ধ্যা রায় হাসপাতালে, অবস্থা ‘স্থিতিশীল নয়’

বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হলে এই অভিনেত্রীকে দক্ষিণ কলকাতার উডসল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় শনিবার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 01:53 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

হৃদযন্ত্রের জটিলতা নিয়ে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি কলকাতার বাংলা সিনেমার অভিনেত্রী সন্ধ্যা রায়।

আনন্দবাজার জানিয়েছে, বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হলে এই অভিনেত্রীকে দক্ষিণ কলকাতার উডসল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় শনিবার। হাসপাতালে ভর্তির পর তার ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বিভিন্ন পরীক্ষা করা হয়।

সেসব পরীক্ষার ভিত্তিতেই চিকিৎসকরা বলছেন, ‘করোনারি ইনসাফিসিয়েন্সিতে’ ভুগছেন সন্ধ্যা রায়। এখনো তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। 

সন্ধ্যা রায়ের বয়স হয়েছে ৭৮ বছর। গত শতকের ষাট ও সত্তরের দশকে অনুপ কুমার-সন্ধ্যা রায় জুটি বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় ছিল। 

১৬ বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন সন্ধ্যা। তার প্রথম সিনেমা 'মামলার ফল’ মুক্তি পায় ১৯৫৭ সালে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ এবং তরুণ মজুমদারের ‘ঠগিনি’ এ অভিনেত্রীর অন্যতম কাজ। 

এছাড়া ‘বাবা তারকনাথ’, 'দাদার কীর্তি' , 'ছোট বউ', 'মায়া মৃগয়া', 'কঠিন মায়া', 'বন্ধন', 'পলাতক', 'তিন অধ্যায়', 'আলোর পিপাসা', 'ফুলেশ্বরী', 'সংসার সীমান্তে', 'নিমন্ত্রণ'সহ আরও অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন।

সন্ধ্যা রায়ের পরিবারের আদিবাস ছিল বাংলাদেশের যশোরের বেজপাড়ায়। তিনি বিয়ে করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারকে।

২০১৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসনে তৃণমূলের টিকিটে নির্বাচন করে জয়ী হন সন্ধ্যা রায়। ২০১৯ সাল পর্যন্ত তিনি পার্লামেন্ট সদস্য ছিলেন।