২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬২ কোটি ৮২ লাখ ডলার ঋণ দিচ্ছে এডিবি

টাকা। ৫ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে প্রায় ২ শতাংশ সুদসহ এই ঋণ পরিশোধ করতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 10:31 PM

Updated : 27 Dec 2022, 10:31 PM

সরকারি বেসরকারি অংশীদারিত্ব উন্নয়ন, গণ পরিবহণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তিন প্রকল্পের জন্য ঋণ ও অনুদান হিসেবে ৬২ কোটি ৮২ লাখ ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

বর্তমান বিনিময় হার (১ ডলারে ১০৪ টাকা) অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৫৩৩ কোটি টাকা। ৫ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে প্রায় ২ শতাংশ সুদসহ এই ঋণ পরিশোধ করতে হবে।

সোমবার এ বিষয়ে বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। শেরেবাংলা নগরে ইআরডি সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানে সরকারের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং এডিবির পক্ষে উপ-আবাসিক প্রতিনিধি ও অফিসার ইনচার্জ জিয়াংবো নিং চুক্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থায়নের মধ্যে ‘থার্ড পাবলিক-প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি- (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের জন্য দেওয়া হচ্ছে ২৭ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা।

‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)’-এর জন্য অতিরিক্ত অর্থায়ন হিসেবে দেওয়া হচ্ছে ১০ কোটি ডলার। আর ‘কোস্টাল টাউনস ক্লাইমেট রেসিলিয়েন্স প্রকল্পের জন্য ২৫ কোটি ডলার ঋণ ও অনুদান দেবে এডিবি।

ইআরডি জানায়, এই চুক্তিতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরশেদ, সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মুহাম্মদ ফেরদৌস এবং বাংলাদেশ আবাসিক মিশন, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও অফিসার ইনচার্জ জিয়াংবো নিং নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।