নজিরবিহীন খরচের ভোটে যুক্তরাষ্ট্র
এবারের মধ্যবর্তী নির্বাচনের খরচ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। কেবল রাজনৈতিক বিজ্ঞাপনেই খরচ আনুমানিক ১,১৬০ কোটি ডলার। আর বড় ৫০ দাতার অনুদান দাঁড়িয়েছে রেকর্ড ২৭৭ কোটি ডলারে।
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে সব মিলিয়ে নজিরবিহীন অর্থ খরচ হচ্ছে, যার একটি বড় অংশই আসছে শীর্ষ ধনকুবেরদের পকেট থেকে।
বিজ্ঞাপন ট্র্যাকিং ফার্ম 'অ্যাড ইমপ্যাক্ট' এর তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে কেবল রাজনৈতিক বিজ্ঞাপনেই ব্যয় রেকর্ড ১১৬০ কোটি (১১ দশমিক ৬ বিলিয়ন) ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে, যা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনসহ আমেরিকার পূর্ববর্তী যে কোনও নির্বাচনের চেয়ে বেশি।
তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন দেশটির শীর্ষ ৫০ জন মেগা-দাতা। সাধারণ মানুষের ছোট ছোট তহবিলের বাইরে গিয়ে মাত্র ৫০ জন অতি-ধনী ব্যক্তি ও সংস্থা ব্যক্তিগতভাবে রেকর্ড ২৭৭ কোটি (২ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার অনুদান দিয়েছেন। মাত্র ৫০ দাতার কাছ থেকে এত বিশাল অঙ্কের অর্থ আগের কোনও নির্বাচনে আসেনি।
৩ নভেম্বরের ভোটের আগে সবচেয়ে বড় অনুদানগুলোর পেছনে থাকা ধনকুবের, অর্থদাতা এবং কোম্পানিগুলোকে চিহ্নিত করতে আল জাজিরা ছবি, গ্রাফ ও চার্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনের ডেটা ব্যবহার করেছে।
৫০ জন বৃহত্তম দাতার অনুদান ২৭৭ কোটি ডলার
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে বড় ৫০ দাতা এবং সংস্থা এ পর্যন্ত সম্মিলিতভাবে ২৭৭ কোটি ডলার অনুদান দিয়েছে।
রিপাবলিকানপন্থি দাতারা দিয়েছেন ১৬৭ কোটি ডলার, যা মোট অনুদানের প্রায় ৬০ শতাংশ। এটি ডেমোক্র্যাটপন্থি দাতাদের দেওয়া ৮৩ কোটি ২০ লাখ ডলারের (৩০ শতাংশ) তুলনায় দ্বিগুণ।
অবশিষ্ট ২৬ কোটি ৪০ কোটি ডলার (প্রায় ১০ শতাংশ) এসেছে দ্বিপক্ষীয় বা বিশেষ স্বার্থসংশ্লিষ্ট দাতা হিসেবে শ্রেণীবদ্ধ পক্ষগুলোর কাছ থেকে, যার মধ্যে স্পোর্টস বেটিং (খেলায় বাজি ধরা) এবং ক্রিপ্টোকারেন্সিকে সমর্থনকারী গ্রুপগুলোও রয়েছে।
২০২৫-২৬ নির্বাচন চক্রে একজন মার্কিন নাগরিক ফেডারেল প্রার্থীর প্রচারের জন্য প্রতি নির্বাচনে সর্বোচ্চ ৩৫০০ ডলার পর্যন্ত দান করতে পারেন। তবুও এই তালিকার কিছু মানুষ এবার শত শত কোটি ডলার দান করেছেন।
এটি বৈধ, কারণ এই অর্থের সিংহভাগ সরাসরি প্রার্থীদের কাছে যায়নি, বরং গেছে 'সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি' বা 'সুপার প্যাক' গুলোর কাছে, যারা যেকোনো অংকের অনুদান গ্রহণ করতে পারে।
সুপার প্যাক কী?
সুপার প্যাক হলো এমন একটি গ্রুপ যা মূলত বিজ্ঞাপনের মাধ্যমে প্রার্থীদের সমর্থন বা বিরোধিতা করার জন্য সীমাহীন অর্থ সংগ্রহ এবং ব্যয় করতে পারে। এর প্রধান শর্ত হলো এটি প্রার্থী বা তাদের নির্বাচনী প্রচারণার সঙ্গে ব্যয়ের বিষয়ে কোনো সমন্বয় করতে পারবে না।
২০১০ সালে আদালতের দুটি রায়ের পর প্রার্থীর বাইরে স্বাধীন গ্রুপগুলোর মাধ্যমে নির্বাচনে সীমাহীন ব্যয়ের পথ সুগম হলে এই সুপার প্যাকগুলোর উত্থান ঘটে।
সুপার প্যাকগুলোকে তাদের দাতাদের তথ্য ফেডারেল ইলেকশন কমিশন এর কাছে রিপোর্ট করতে হয়, যা মার্কিন ফেডারেল নির্বাচন তদারকি সংস্থা। তবে কিছু বড় অনুদানকারী, যেমন—'ওয়ান নেশন' এবং 'মেজরিটি ফরোয়ার্ড' হলো অলাভজনক সংস্থা, যাদের নিজেদের দাতাদের নাম প্রকাশ করতে হয় না।
এটি রাজনৈতিক অর্থের মূল উৎসকে লুকিয়ে রাখতে পারে, যা ‘ডার্ক মানি’ বা ‘কালো টাকা’ হিসেবে পরিচিত।
তবে হার্ভার্ড ল স্কুলের আইন ও নেতৃত্ব বিষয়ক অধ্যাপক এবং নির্বাচনী অর্থায়ন সংস্কারের আইনজীবী লরেন্স লেসিগের মতে, এই অর্থ কেবল ভোটারদের কাছ থেকে লুকানো থাকে।
ফেডারেল ইলেকশন কমিশনের সাবেক চেয়ারম্যান ব্র্যাডলি স্মিথের সঙ্গে মার্কিন নির্বাচনে অর্থায়ন সংক্রান্ত আল জাজিরার 'লেটস ফোকাস' অনুষ্ঠানে এক বিতর্কে তিনি জোশ রাশংকে বলেন, “রাজনীতিবিদদের কাছে এটি গোপন নয়। এটি আমাদের কাছে গোপন। রাজনীতিবিদদের পক্ষের কেউ এই অর্থ কোথা থেকে আসছে তা নিয়ে বিভ্রান্ত নয় এবং তারা ভালো করেই জানে যে তাদের কী করতে হবে।”
সবচেয়ে বড় ব্যক্তিগত দাতা কারা?
ফেডারেল ইলেকশন কমিশনের ডেটা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং টেসলা ও স্পেসএক্স-এর প্রধান ইলন মাস্ক ৪৪ কোটি ৬০ লাখ ডলার দিয়ে এই মধ্যবর্তী নির্বাচনের বৃহত্তম ব্যক্তিগত দাতা হয়েছেন।
তার পরেই রয়েছেন শিপিং সাপ্লাই কোম্পানি 'ইউলাইন' এর প্রতিষ্ঠাতা এলিজাবেথ ও রিচার্ড উইহেলিন এবং জেফ ও জেনিন ইয়াস। জেফ ইয়াস ট্রেডিং ফার্ম 'সাসকুয়েহানা ইন্টারন্যাশনাল গ্রুপ'-এর সহ-প্রতিষ্ঠাতা। এই তিনজনই রিপাবলিকানপন্থি গ্রুপগুলোকে অনুদান দিয়েছেন।
রিপাবলিকানপন্থি শীর্ষ দাতা
• ইলন মাস্ক: ৪৪ কোটি ৬০ লাখ ডলার
• এলিজাবেথ ও রিচার্ড উইহেলিন: ১৫ কোটি ডলার
• জেফ ও জেনিন ইয়াস: ১১ কোটি ডলার
ডেমোক্র্যাটপন্থি সবচেয়ে বড় দাতারা হলেন বিলিয়নেয়ার বিনিয়োগকারী এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জর্জ সোরোস, নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র এবং আর্থিক তথ্য কোম্পানি ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা মাইক ব্লুমবার্গ এবং লিংকডইন-এর সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যান ও তার স্ত্রী মিশেল য়ি।
ডেমোক্র্যাটপন্থি শীর্ষ দাতা
• জর্জ সোরোস: ১০ কোটি ২০ লাখ ডলার
• মাইক ব্লুমবার্গ: ৮ কোটি ৪০ লাখ ডলার
• রিড হফম্যান এবং মিশেল য়ি: ৪ কোটি ১০ লাখ ডলার
চারজন ব্যক্তিগত দাতা প্রত্যেকে ১০ কোটি ডলারের বেশি দান করেছেন। লেসিগের মতে, নির্বাচনের সামগ্রিক খরচ নয়, বরং দাতাদের এই কেন্দ্রীকরণই আসল উদ্বেগের বিষয়।
তিনি বলেন, “সমস্যা ব্যয় করার পরিমাণ নিয়ে নয়। সমস্যা হলো দাতাদের এই অতি-কেন্দ্রীকরণ। যদি আপনার কাছে টেবিলে রাখার মতো ১০ কোটি ডলার না থাকে, তবে একটি গণতন্ত্রে যেভাবে মানুষের গুরুত্ব থাকা উচিত, সেভাবে আপনার কোনো গুরুত্ব থাকবে না।”
কোন সংস্থাগুলো সবচেয়ে বেশি অর্থ ঢালছে?
প্রাতিষ্ঠানিক র্যায়কিংয়ের শীর্ষে রয়েছে রাজনৈতিক অলাভজনক সংস্থাগুলো, পাশাপাশি রয়েছে ক্রিপ্টোকারেন্সি ফার্ম এবং একটি শিল্প গ্রুপ।
রিপাবলিকান পক্ষে সবচেয়ে বড় দাতা ছিল 'ওয়ান নেশন' -সেনেটের রিপাবলিকান নেতৃত্বের সঙ্গে যুক্ত একটি অলাভজনক সংস্থা।
এরপরেই রয়েছে 'আমেরিকান অ্যাকশন নেটওয়ার্ক', যা প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতৃত্বের সঙ্গে যুক্ত। ডেমোক্র্যাট পক্ষে দলের সেনেট এবং প্রতিনিধি পরিষদের নেতৃত্বের সঙ্গে যুক্ত অলাভজনক সংস্থা 'মেজরিটি ফরোয়ার্ড' এবং 'হাউস মেজরিটি ফরোয়ার্ড' নেতৃত্ব দিয়েছে।
রিপাবলিকানপন্থি সংস্থা
• ওয়ান নেশন: ১৩ কোটি ৩০ লাখ ডলার
• আমেরিকান অ্যাকশন নেটওয়ার্ক: ৬ কোটি ৪৩ লাখ ডলার
• আমেরিকান প্রসপারিটি অ্যালায়েন্স: ৫ কোটি ৭ লাখ ডলার
ডেমোক্র্যাটপন্থি সংস্থা
• মেজরিটি ফরোয়ার্ড: ১০ কোটি ২০ লাখ ডলার
• হাউস মেজরিটি ফরোয়ার্ড: ৯ কেটি ৩৭ লাখ ডলার
• ইকোনমিক অপরচুনিটি ফান্ড: ৪ কোটি ১৫ লাখ ডলার
ক্রিপ্টোকারেন্সি কোম্পানিগুলোর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ 'কয়েনবেস' ৫ কোটি ৭৮ লাখ ডলার, তারপরে রয়েছে ব্লকচেইন পেমেন্ট কোম্পানি 'রিপল' ৪ কোটি ৯৬ লাখ ডলার এবং ক্রিপ্টো ডটকম এর পেছনের কোম্পানি 'ফোরিস ড্যাক্স' দিয়েছে ৩ কোটি ৯০ লাখ ডলার।
শিল্প গ্রুপ 'কোক' দিয়েছে ৪ কোটি ৬৮ লাখ ডলার আর স্পোর্টস বেটিং কোম্পানি 'ড্রাফটকিংস' দিয়েছে ৪ কোটি ৪ লাখ ডলার।
