পোশাক শ্রমিকদের অধিকার যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারে: পিটার হাস
যুক্তরাষ্ট্রের দূত বলেন, “একটি বস্তুনিষ্ঠ, অন্তর্ভূক্তিমূলক এবং প্রামাণ্য জাতীয় মজুরি নীতি প্রণয়নের সুস্পষ্ট প্রয়োজনীয়তা ফুটে উঠেছে।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের অধিকারের বিষয়টি যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের বিষয় বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস। শ্রমিকদের জীবন-জীবিকা বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের কথাও বলেছেন তিনি।
হাস বলেন, “এই খাতকে অব্যাহত প্রবৃদ্ধি ও টেকসই ধারায় রাখতে শ্রমিক অধিকার খুবই গুরুত্বপূর্ণ।”
বৃহস্পতিবার ঢাকার বাংলাদেশ তুলা দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের দূত বলেন, “তৈরি পোশাক খাতের দিকে দৃষ্টি দিলে আমাদের দূতাবাসের অন্যতম অগ্রাধিকার হচ্ছে উন্নত শ্রম মান অর্জনের মধ্য দিয়ে টেকসই এবং বিস্তৃত পরিসরে অভিন্ন সমৃদ্ধি।
“এক্ষেত্রে শ্রমিক অধিকারের বিষয়টি চলে আসে, যা বাংলাদেশের পোশাক খাতের অব্যাহত প্রবৃদ্ধি ও স্থায়িত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
গত ১৬ নভেম্বর প্রকাশ করা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শ্রম অধিকার বিষয়ক স্মারকের অধীনে কীভাবে দূতাবাস কাজ করবে সেটাও তুলে ধরেন রাষ্ট্রদূত হাস।
সেই স্মারকে বলা হয়েছে, শ্রম অধিকার হরণ করে এমন কার্যক্রমের জন্য নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নিতে পারবে যুক্তরাষ্ট্র সরকার।
ওই স্মারকের উদ্দেশ্য তুলে ধরে হাস বলেন, “এই নতুন বৈশ্বিক শ্রম কৌশলের আওতায় সরকার, শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ততা জোরদারের জন্য যুক্তরাষ্ট্রের সব সরকারি সংস্থাকে আহ্বান জানানো হয়। যাতে সমাবেশ ও সমন্বিত দরকষাকষির অধিকারের উন্নয়ন ও সুরক্ষা দেওয়া যায়।
“জোরালো শ্রম আইন এবং সেগুলোর বাস্তবায়ন আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক, টেকসই ও অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন এবং বাংলাদেশে কাজ করা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর স্থিতিশীল ও অনুমিত ব্যবস্থাপনা পরিবেশের সমর্থনের ক্ষেত্রে মুখ্য বিষয়।”
শ্রমিকদের জীবন-জীবিকা বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের দূত বলেন, “তৈরি পোশাক খাতের ন্যুনতম মজুরির সাম্প্রতিক পর্যালোচনার মধ্য দিয়ে পোশাক শ্রমিকদের কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরার মতো একটি বস্তুনিষ্ঠ, অন্তর্ভূক্তিমূলক এবং প্রামাণ্য জাতীয় মজুরি নীতি প্রণয়নের সুস্পষ্ট প্রয়োজনীয়তা ফুটে উঠেছে।“
শ্রমিক অধিকারের ক্ষেত্রে নিজেদের কাজ আরও বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “তৈরি পোশাকসহ অন্যান্য খাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকারকে এগিয়ে নিয়ে যেতে বেসরকারি খাত এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে আমাদেরকে কার্যক্রমকে গভীর করার প্রতীক্ষা করছে যুক্তরাষ্ট্র।”
যুক্তরাষ্ট্রের তুলার উপর ফিউমিগেশন ব্যবস্থা তুলে দেওয়াকে সাধুবাদ জানান রাষ্ট্রদূত পিটার হাস। এর মধ্য দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক খাত কীভাবে ‘দ্রুততার সঙ্গে ভালো মানের’ তুলা পাচ্ছে তা তুলে ধরেন তিনি।
আমদানি করা মার্কিন কটনের উপর বাধ্যতামূলক ডবল ফিউমিগেশন বিধি অপসারণের ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, “এটা আমদানি প্রক্রিয়াকে সহজ করে, সময় সাশ্রয় করে, ঝামেলা এবং খরচ কমায়।”
তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র সরকার সে দেশ থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি করা পোশাকের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়, তাহলে তা (দুই দেশের) বাণিজ্য সম্পর্ককে আরও সম্প্রসারিত করতে পারে। এটা বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের রপ্তানির জন্য যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ব্যবহার করতে উৎসাহিত করবে।”
কটন ইউএসএ আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের (সিসিআই) বাংলাদেশ প্রতিনিধি আলী আরসালান, সিসিআইয়ের আঞ্চলিক পরিচালক উইলিয়াম বেটেনডর্ফ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) এর সভাপতি মোহাম্মদ আলী খোকন বক্তব্য দেন।
