১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এ বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ দিতে চায় এনডিবি

‘এক্সপান্ডেড ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্প’ বাস্তবায়নের জন্য এনডিবি ইতোমধ্যে ৩২ কোটি ডলার অনুমোদন করেছে।

এ বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ দিতে চায় এনডিবি
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2025, 01:20 AM

Updated : 10 Sep 2026, 12:38 PM

চলতি বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে এক বিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে ব্রিকস প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক–এনডিবি।

এ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ বলেছেন, ‘এক্সপান্ডেড ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্প’ বাস্তবায়নের জন্য এনডিবি ইতোমধ্যে ৩২ কোটি ডলার অনুমোদন করেছে। তবে বাংলাদেশের উন্নয়ন চাহিদার কথা মাথায় রেখে এ বছর তারা এই অর্থায়নের পরিমাণ তিন গুণেরও বেশি করতে চান।

বাসস জানিয়েছে, মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ভ্লাদিমির কাজবেকভ এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা নতুন এই বহুপক্ষীয় ঋণদাতা প্রতিষ্ঠানের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।

কাজবেকভ বলেন, বাংলাদেশের গ্যাস খাতের অবকাঠামোগত উন্নয়নে বড় ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে এনডিবির।

দেশের বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে এনডিবি উল্লেখযোগ্য পরিমাণে ঋণ দিতে আগ্রহী বলেও তিনি জানিয়েছেন। 

প্রধান উপদেষ্টা বৈঠকে আবাসনসহ সামাজিক অবকাঠামোতে ঋণ দেওয়ার ওপর জোর দেন, বিশেষ করে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে কর্মরত হাজারো শ্রমিকের জন্য।

কাজবেকভ বলেন, এনডিবি এখন বহুমুদ্রায় ঋণ কার্যক্রম চালু করেছে, যা বাংলাদেশের জন্য উপকারী হবে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন

বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, এনডিবির উচিত বাংলাদেশের জন্য ‘কান্ট্রি স্ট্র্যাটেজি প্রোগ্রাম’ চালু করা, যাতে করে তাদের অর্থায়ন দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি পায়।

অন্যদের মধ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ বৈঠকে উপস্থিত ছিলেন।