২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে টানা চার দিন নিম্নমুখী প্রবণতা

দিন শেষে সূচক ঠেকে ৫ হাজার ৯৭ পয়েন্টে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2025, 04:33 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

টানা চার দিন সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখল দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসই সূচক আগের দিনের চেয়ে হারিয়েছে ৮ পয়েন্ট। আগের দিন সূচক ছিল ৫ হাজার ১০৫ পয়েন্ট।

সকালে প্রথম ঘণ্টার লেনদেন শেষে আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে সূচক হয় ৫ হাজার ১২৫ পয়েন্ট। এরপর মিশ্র ধারার লেনদেনে দিন শেষে সূচক ঠেকে ৫ হাজার ৯৭ পয়েন্টে।

এ নিয়ে গত চার দিনে ১০৮ পয়েন্ট কমল। ডিএসইর সূচকে সবশেষ ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল গত ১০ এপ্রিল। সেদিন সূচক ওঠে ৫ হাজার ২০৫ পয়েন্ট।

গত ১০ এপ্রিল ডিএসইতে শেয়ার হাতবদল হয় ৫৪০ কোটি ১৬ লাখ টাকার। পরের কার্যদিবসে  গত রোববার হয় ৪১৪ কোটি ৩১ লাখ টাকার লেনদেন।

গত সোমবার বাংলা নববর্ষের ছুটি থাকায় বন্ধ ছিল পুঁজিবাজার। এর পর গত মঙ্গলবার লেনদেন হয় ৪৪৬ কোটি ১২ লাখ টাকা। বুধবার সেটি দাঁড়ায় ৪৯৬ কোটি ৪২ লাখ টাকায়।

আর সবশেষ বৃহস্পতিবার ৩৩৯ কোটি ২৯ লাখ টাকা লেনদেন হয় দেশের ডিএসইতে। 

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন লেনদেনে আসা ৩৯৬টি কোম্পানির মধ্যে দরে বেড়েছে ১২৪টির; কমেছে ১৯০টির; আগের দরে লেনদেন হয় ৮২টির। বেশি দর বেড়েছে ব্যাংক, বীমা ও বস্ত্র খাতের কোম্পানিগুলোর। 

একক খাত হিসেবে লেনদেনে দ্বিতীয় অবস্থানে উঠে আসে খাদ্য ও আনুষঙ্গিক খাত। খাতটির শেয়ার হাতবদল হয় ৩৫ কোটি ৬৭ লাখ টাকার (১১ দশমিক ১১ শতাংশ)।

তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের শেয়ার হাতবদল হয় ৩১ কোটি ৬৯ লাখ টাকার। 

এদিন দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ তিন কোম্পানি হলো মিডল্যান্ড ব্যাংক, ইউসিবি ও এনআরবি ব্যাংক। 

সবচেয়ে বেশি দর হারানোর তালিকায় আছে ইউনিয়ন ক্যাপিটাল, হাইডেলবার্গ সিমেন্ট ও বিডিফাইন্যান্স।