ঢাকায় আসছে আইএমএফের দল, হবে ঋণের ব্যবহার নিয়ে আলোচনা
আগামী অক্টোবরে সংস্থার কাছ থেকে নেওয়া ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় হওয়ার কথা রয়েছে।
আইএমএফ প্রতিনিধি দলের এবারের ঢাকা সফরে বাংলাদেশের অর্থনৈতিক সূচকের হালনাগাদ তথ্য সংগ্রহের পাশাপাশি ঋণ ব্যবহারের অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মেজবাউল হক।
নিয়মিত সফরের (স্টাফ ভিজিট) অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এ প্রতিনিধি দলের ঢাকায় আসার সূচি রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার সকাল ১০টায় এ দলের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
পাঁচ সদস্যের সফরকারী দলে এবারও নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ।
গভর্নরের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের সঙ্গে এবং অর্থসহ বিভিন্ন মন্ত্রণালয়, মন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও নীতি নির্ধারকদের সঙ্গে বেঠক করবে দলটি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আইএমএফের স্টাফ ভিজিট একটি রুটিন ওয়ার্ক। সদস্য সব রাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি বছর সফরটি তারা করে থাকেন, এবারের সফরটিও সেরকম।”
এর বাইরে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশকে দেওয়া ঋণের অর্থের ব্যবহারের অগ্রগতি সংশ্লিষ্ট বিষয়ও আলোচনায় থাকবে বলে জানান তিনি।
এরমধ্যে বিনিময় হার একটিতে নিয়ে আসা, ঋণের সুদহার বাজারমুখী করা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ গণনার পদ্ধতি অগ্রাধিকার পাবে বলে জানান তিনি।
সংস্থাটির কাছ থেকে ঋণ নিতে চুক্তির সময় বাংলাদেশ এসব বিষয়ে সংস্কারের বিষয়ে সম্মতি দিয়েছিল। ফেব্রুয়ারিতে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের মধ্যে প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬২ লাখ ডলার পাওয়ার আগে ও পরে বাংলাদেশ পরামর্শ অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে ভর্তুকি কমানোসহ আর্থিক খাতের কাঠামো ও নীতি সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
এবারের সফরের পর আগামী অক্টোবরে দ্বিতীয় কিস্তি ছাড় ও অগ্রগতি মূল্যায়নের জন্য আইএমএফ মিশন আবার ঢাকায় আসবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এর আগে নিয়মিত সফরের অংশ হিসেবেই হচ্ছে এ ‘স্টাফ ভিজিট’।
কোভিড মহামারীর চাপ সামলাতে অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্যে ইউক্রেইন যুদ্ধের কারণে বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে নানা পদক্ষেপের একটি ছিল আইএমএফ থেকে ঋণ নেওয়া। গত জানুয়ারির শেষ সপ্তাহে ওই ঋণ অনুমোদন হয়। এর আগে ২০২২ সালের নভেম্বরে সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকা সফরকালে ঋণ নিয়ে আলোচনার পর সমঝোতায় পৌঁছে।
