বদলির আদেশ ছিঁড়ে ‘প্রতিবাদ’, এবার সিআইসির কর্মকর্তা বরখাস্ত
এ নিয়ে মোট ১৫ জনকে সাময়িক বরখাস্ত করল এনবিআর।
এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবির আন্দোলনের মধ্যে বদলি আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় এবার সংস্থার কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে সিআইসির উপ পরিচালক মো. জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের মধ্যে গত ২২ জুন আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে ‘তাৎক্ষণিক বদলি’ করা হয়। একদিন বাদে সংবাদ সম্মেলন করে ওই আদেশকে ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ অ্যাখ্যা দিয়ে তা ছিঁড়ে ফেলে ‘প্রতিবাদ’ জানান কর্মকর্তা-কর্মচারীরা।
বদলির ওই আদেশ ‘অবজ্ঞা’ করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায়’ এবং বদলি করা ব্যক্তিদের একই ধরনের কর্ম সমর্থন করায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত এল।
মঙ্গলবার একই ঘটনায় ১১ জন কর্মকর্তাকে এবং বদলির আদেশ ছিঁড়ে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায়’৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ নিয়ে দুই দিনে বদলির আদেশকে ঘিরে ১৫ কর্মকর্তা এবং ‘রাষ্ট্রের অত্যন্ত গোপন দলিল প্রকাশ’ করে চাকরির ‘শৃঙ্খলা পরিপন্থি’ আচরণ করার অভিযোগে আরেক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সরকার এনবিআর দুই ভাগ করে গত মে মাসে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন থামতে না থামতে এনবিআর কর্মীরা নানা অভিযোগ তুলে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নতুন আন্দোলনে নামেন।
পরে দাবি আদায়ে ২৮ জুন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন তারা। এ নিয়ে সরকার কঠোর হতে শুরু করলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচিতে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন বাদ দিয়ে কাজে ফেরেন।
আন্দোলন থামার পর কর্মকর্তাদের আতঙ্কের মধ্যে এখন একের পর এক কঠোর ব্যবস্থা নিচ্ছে এনবিআর।
পুরনো খবর
