এনবিআরে আন্দোলন: একযোগে শুল্কের ১১ কমিশনার বদলি
আন্দোলনের মধ্যে বদলির আদেশ ছিঁড়ে ফেলে প্রতিবাদ করায় মোট ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার মধ্যে দায়িত্ব পরিবর্তনের এ আদেশ এল।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমানের অপসারণ দাবির আন্দোলনের পর কাজে ফিরে সাময়িক বরখাস্ত, বাধ্যতামূলক অবসর ও বদলির আদেশের মধ্যে এবার শুল্ক ক্যাডারের ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসনের প্রজ্ঞাপনে এ আদেশ ‘অবিলম্বে’ কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
এদিন আন্দোলনের মধ্যে বদলির আদেশ ছিঁড়ে ফেলে প্রতিবাদ করায় বিভিন্ন স্তরের ও বিভাগের মোট ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার মধ্যে একযোগে ১১ কমিশনারের দায়িত্ব পরিবর্তন করা হল।
এসব কর্মকর্তা হলেন- ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে বেনাপোল কাস্টম হাউজে; রাজশাহী ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আব্দুল হাকিমকে পানগাঁও কাস্টম হাউজে; ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর প্রকল্প পরিচালক জুয়েল আহমেদকে ঢাকা দক্ষিণের ভ্যাট কমিশনারেটে; চট্টগ্রামের কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক একেএম নুরুল হুদা আজাদকে শুল্ক রেয়াত ও প্রত্যর্পন পরিদপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া কুমিল্লা ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. মাহফুজুল হক ভূঞাকে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে; কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট, ঢাকা-২ এর কমিশনার খন্দকার নাজমুল হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক হিসেবে; রংপুর ভ্যাট কমিশনারেটের কমিশনার আবু নূর রাশেদ আহম্মেদকে চট্টগ্রামের কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক অরুন কুমার বিশ্বাসকে রংপুর ভ্যাট কমিশনারেটের কমিশনার; শুল্ক রেয়াত ও প্রত্যর্পন পরিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মান্নান সরদারকে কুমিল্লা ভ্যাট কমিশনারেটের কমিশনার; চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে চট্টগ্রাম কাস্টম হাউজে; পানগাঁও কাস্টম হাউজের কমিশনার মিয়া মো. আবু ওবায়দাকে ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেটে বদলি করা হয়েছে।
এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলা দেশের সকল কর, ভ্যাট ও কাস্টমসের দপ্তরে ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রাখায় তখনকার কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তার জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে; এবার তাকে বন্ড কমিশনারেটের দায়িত্ব থেকে ভারমুক্ত করে চট্টগ্রাম কাস্টম হাউজের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হল।
এনবিআর দুই ভাগ করে গত মে মাসে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির আন্দোলন থামতে না থামতে সংস্থাটির কর্মীরা নানা অভিযোগ তুলে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নতুন আন্দোলনে নামেন।
পরে দাবি আদায়ে ২৮ জুন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন তারা। এ নিয়ে সরকার কঠোর হতে শুরু করলে আন্দোলন বাদ দিয়ে কাজে ফেরেন
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচিতে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা।
এরপর তাদের আতঙ্কের মধ্যে সরকারের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এনবিআরে সাময়িক বরখাস্ত, বাধ্যতামূলক অবসর ও বদলির সিদ্ধান্ত নিচ্ছে।
