একনেকে ২ হাজার কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সিলেট শহরে ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে এক হাজার ৩৮১ কোটি টাকা ব্যয়ে ‘আরবান রিজিলিয়েন্স প্রজেক্ট’ নামে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
প্রকল্পটি বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় এ প্রকল্পটিসহ মোট দুই হাজার তিন কোটি টাকা ব্যয় সম্বলিত সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে ৬৫২ কোটি ৮৩ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে এক হাজার ৩৩২ কোটি টাকা। ১৮ কোটি ১৪ লাখ টাকা সংস্থার তহবিল থেকে জোগান দেওয়া হবে।
একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী ‘আরবান রিজিলিয়েন্স প্রজেক্ট’ প্রকল্পটির গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “আমরা ভূমিকম্প ঠেকাতে পারি না তবে এর ক্ষতিকর প্রভাব যাতে জনজীবনে কম হয় সে ব্যবস্থা করতে পারি। এজন্যই আমরা এ প্রকল্পটির অনুমোদন দিয়েছি।”
রাজউক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও পরিকল্পনা কমিশন যৌথভাবে ২০২০ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
মন্ত্রী বলেন, “প্রকল্পের আওতায় রাজউক ঝুঁকি-সংবেদনশীল ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ণ করবে। এর আওতায় প্রতিষ্ঠানটি এসব শহরের ভূমি জোনিং করে ঠিক করে দেবে কোন এলাকায় সর্বোচ্চ কত তলার ভবন তৈরি করা যাবে।”
একইসঙ্গে ওই প্রকল্পের মাধ্যমে এসব শহরে নতুন করে পুকুর ভরাট করে যাতে আর কোনো ভবন তৈরি না হয় তাও নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।
প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্যাটেলাইট ও কন্ট্রোল অফিস নির্মাণসহ হুইল ড্রেজার, এক্সাভেটর, ক্রেন, মোবাইল জেনারেটরের মতো ভারী যন্ত্রপাতি কিনবে। আর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ সংক্রান্ত ইনস্টিটিউট স্থাপনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনবে।
প্রকল্পের আওতায় এ তিনটি প্রতিষ্ঠান ঠিকমতো প্রকল্প বাস্তবায়ন করছে কি না, তা তদারক করবে পরিকল্পনা কমিশন।
মন্ত্রী বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবস্থিত বিভিন্ন রাস্তা মেরামতে এখন থেকে পুরানো নির্মাণ সামগ্রী পুনরায় ব্যবহার করা হবে।
সভায় এ সংক্রান্ত আরও একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত এ প্রকল্পটির নাম ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সড়ক সমূহের রক্ষণাবেক্ষনের জন্য কোল্ড রি-সাইক্লিং প্লান্ট ও ইকুইপমেন্ট সংগ্রহ’। প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০১৬ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করবে।
বাংলাদেশে সড়ক মেরামতের ক্ষেত্রে একেবারে নতুন এ প্রযুক্তি নিয়ে মন্ত্রী বলেন, “অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ঢাকার রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে প্রতিবছর রাস্তা মেরামত করতে হচ্ছে। এতে করে রাস্তার উচ্চতা বেড়ে যাচ্ছে এবং পানি নিষ্কাশন প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় জলাবদ্ধতা বাড়ছে।”
ঢাকা দক্ষিণে রাস্তা মেরামতে পুরোনো ব্যবহৃত উপাদানগুলোর ৪০ থেকে ৬০ শতাংশ পুনরায় ব্যবহারের সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে জানান মুস্তফা কামাল। এতে করে রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণ যেমন সহজ হবে তেমনি অর্থেরও সাশ্রয় হবে মনে করছে সরকার।
দেশে বাংলাদেশ রেলওয়ের মোট দুই হাজার ৪৯৪টি লেভেল ক্রসিং গেট রয়েছে। এর মধ্যে ৬৭২টি লেভেল ক্রসিং গেট এ সরকারিভাবে এক হাজার ৮৮৯ জন গেট-কিপার নিয়োগসহ সিগন্যালিং ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য সভায় আলাদা দুটো প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ৯৭ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ে ২০১৭ নাগাদ প্রকল্প দুটো বাস্তবায়ন করবে।
প্রকল্পটি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, “লেভেল ক্রসিংগুলোতে যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে এবং এক্ষেত্রে কোনো গেট কিপার না থাকায় দুর্ঘটনা ঝুঁকি বেড়ে যাচ্ছে। ফলে প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে নিরাপদ ট্রেন চলাচল ও জানমালের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে তেমনি কিছু মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে।”
কক্সবাজার জেলায় উপকূলীয় বাঁধের আওতায় ২০ টি পোল্ডার পঞ্চাশ বছরের পুরোনো। এর মধ্যে ৬টি পোল্ডার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় লোনা পানি সহজেই ঢুকে পড়ে ফসলের ব্যাপক ক্ষতি করছে। এ অবস্থা থেকে উত্তরণ পেতে ক্ষতিগ্রস্ত ৬টি পোল্ডার নতুন করে মেরামতে ২৬০ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০১৭ সাল নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এদিকে, সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মেীলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৩০টি উপজেলায় শস্য নিবিড়তা বাড়াতে ৭৪ কোটি টাকার আরো একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ২০১৯ সাল নাগাদ ও প্রকল্পটি বাস্তবায়ন করবে।
১৩৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম জেলার চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সাঙ্গু ও চাঁদখালী নদীর উভয় তীর সংরক্ষণে অপর একটি প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয় সভায়।
