দারিদ্র্য বিমোচনে ধর্মের ভূমিকা আছে: পরিকল্পনামন্ত্রী
দেশের দারিদ্র্য বিমোচনে সরকারি উদ্যোগ ও বেসরকারি প্রচেষ্টার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধও বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০৩০ সালের মধ্যে দারিদ্র্য সমস্যার পুরোপুরি সমাধানের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি।
রোববার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে অতিদারিদ্র্য দূরীকরণ বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “সরকারের প্রচেষ্টা, বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগ এবং ধর্মীয় দায়বদ্ধতার উপর ভর করে বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণ অভিযান এগিয়ে চলছে।
“এজন্য যে বিষয়টি অত্যন্ত প্রয়োজন সেটা হল জিডিপির প্রবৃদ্ধি। তবেই দারিদ্র্যসীমা কমবে, প্রবৃদ্ধি না বাড়লে দারিদ্র্যসীমা কমবে না।”
অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য লাঘবের পরিকল্পনা নিয়ে দুটি কৌশলপত্র উপস্থাপন করেন সরকারের অর্থনৈতিক বিভাগের কর্মকর্তা মনিরুল ইসলাম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন হাশমী।
আলোচনায় মন্ত্রী বলেন, “দারিদ্র্য বিমোচনে ব্র্যাকসহ বেসরকরি সংস্থাগুলোর মতো সরকারেরও কিছু অবজেক্টিভ আছে। এর মূল্ লক্ষ্য হচ্ছে সমাজের দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ঘটানো। আরেকটি লক্ষ্য হতদরিদ্রদের ধাপে ধাপে এগিয়ে নিয়ে আসা।”
মন্ত্রী বলেন, ২০০০ সালে দেশের দারিদ্র্যসীমা ছিল ৪৮ দশমিক ৯ শতাংশ, যা ২০১৫ সালে এসে ২৩ দশমিক ৬ শতাংশে ঠেকেছে। ৩৪ দশমিক ৬ শতাংশ অতিদরিদ্র থেকে কমে ১২ শতাংশে এসেছে সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে।
স্বাধীনতা উত্তর সময়ে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে সরকার ও বিশ্ব সম্প্রদায়ের বড় সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, দুইশ বছর আগে বিশ্বের একশ কোটি জনসংখ্যার মধ্যে ৮৫ শতাংশ ছিল দরিদ্র, তখন দারিদ্র্যের মাত্রা ছিল তীব্র। বর্তমানেও সংখ্যাটি একই রয়ে গেছে, কিন্তু হারটা কমে ১২ শতাংশে দাঁড়িয়েছে।
“স্বাধীনতার পর বাংলাদেশও খারাপ করেনি। সত্তরের দশকে ৭০ শতাংশ মানুষ ছিল দরিদ্র। সেখান থেকে এখন ২২ ভাগে চলে এসেছে। এর কারণ হল সরকারের পাশাপাশি অন্যান্য সহযোগী গোষ্ঠীগুলোর সমন্বিত পদক্ষেপ।”
দারিদ্র্যের বিরুদ্ধে দেশীয় প্রচেষ্টার বিশেষ দিক হিসাবে ধর্মীয় প্রভাবের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, “আমাদের এখানে আরেকটি সুবিধা হল আমরা রিলিজিয়াস দায়িত্ববোধ থেকেও এ কাজটি করি। সেটি হচ্ছে- পাশের বাড়ির মানুষটিকে অভুক্ত রেখে যদি তুমি খাও তাহলে তুমি ভালো মুসলমান নও। আমাদের প্রাকটিসগুলো সরাসরি না হলেও পরোক্ষভাবে আমাদের উপকারে আসে।
“আমি আবারও বলছি, এখানে আমাদের রিলিজিয়নটা অনেক বড় মাত্রায় আমাদের সাহায্য করে। পবিত্র কোরআনে বলা আছে, হাদিসে আছে- তোমরা তোমাদের প্রতিবেশীদের সাহায্য কর, বাপ-মায়ের হক আদায় কর। এতিমের হক আদায় কর, আত্মীয় স্বজনের হক আদায় কর।”
আলোচনায় দারিদ্র্য বিমোচনে ধর্মের ভূমিকা বোঝাতে সুদীর্ঘ একটি হাদিসও শোনান মন্ত্রী।
“আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের প্রফেট একদিন মসজিদে বসেছিলেন। তিনি ইবনে আব্দুল্লাহ মাসুদকে বললেন। তুমি কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও। যাই হউক, সূরা নিসা থেকে তিনি পড়া শুরু করলেন। পড়তে পড়তে যখন ৪১ নম্বর আয়াতে আসলেন, প্রফেটের দুচোখ বেয়ে ঝর ঝর করে পানি পড়ছিল। তিনি চিৎকার করে বললেন, মাসুদ তুমি পড়া বন্ধ কর।”
হাদিস বর্ণনার ফাঁকে মন্ত্রী বলেন, “সূরা নিসার ৪১ নম্বর আয়াতটি সবাই বাসায় গিয়ে পড়বেন। সেখানে বলা আছে, আমার প্রতিবেশী সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আল্লার কাছে যাবেন। বলবেন- তিনি ধনী মানুষ ছিলেন, তিনি তার দায়িত্ব পালন করেননি। তিনি তো আমাদের হক আদায় করেন নাই। আমি মনে করি এটা আমাদের জন্য একটা বিরাট লেসন।রিলিজিয়ন থেকে গরীবদের সাহায্য করার জন্য যেভাবে বলা হয়েছে আমরা যদি সেটি লক্ষ্য করতে পারি…”
ইসলামের যাকাত প্রথাকে অর্থনৈতিক সমৃদ্ধির একটি উপায় হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “শুধু সাহায্য করতে বলা হয় নাই, যাকাতকে বলা হয়েছে আমাদের উপাসনা। গরীবকে যে সাহায্য করছ, তুমি মনে কর না যে তুমি বড় কিছু করে ফেলছ। তোমার সম্পদের ওপরে এটা তার হক। সেভাবে যদি চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন আমাদের রিলিজিয়ন এ ব্যাপারটিতে অনেক রিচ “
দারিদ্র্য মোচনে বিশ্ব সংস্থাগুলোর পরিকল্পনার চেয়েও বাংলাদেশ সরকারের অগ্রবর্তী পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের সরকারের একটা ‘অবজেক্টিভ’ আছে, ২০৩০ সালের পরে বাংলাদেশে আর কোনো দরিদ্র থাকবে না। এ সময়ের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত হবে এই দেশ।”
“ওয়ার্ল্ড ব্যাংক-আইএমএফও পৃথিবীর একটা ‘পজিশন’ ঠিক করেছে। সারা বিশ্বে যে ১২ শতাংশ দরিদ্র আছে, এ শতাব্দীর শেষে তাও থাকবেনা। আমরা বিশ্বাস করি বাংলাদেশ তার আগেই সেটা করতে পারবে,” বলেন পরিকল্পনামন্ত্রী।
