ভারতীয় ঋণের অর্থ ব্যবহারে কোনো শর্ত নেই- শেখ হাসিনা
নরেন্দ্র মোদীর সফরে ভারতের পক্ষ থেকে যে ২০০ কোটি ডলারের ঋণের প্রতিশ্রুতি এসেছে, তা ব্যবহারের ক্ষেত্রে কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“আমরা যেভাবে চাই, যে খাতে চাই, যে প্রজেক্টে চাই, সে খাতে ব্যয় করতে পারব, কোনো শর্ত নেই,” জাতীয় সংসদে বুধবার প্রশ্নোত্তর পর্বে বলেন প্রধানমন্ত্রী।
এই ঋণের অর্থ ব্যয়ের বিষয়ে তিনি বলেন, “কোন কোন খাতে ব্যয় করলে দারিদ্র্য বিমোচন করতে পারব, দেশকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে যাবে, সেটা মাথায় রেখেই ব্যয় করব।”
স্বাধীনভাবে কাজ করার সুযোগ রেখে বন্ধুত্বপূর্ণভাবে এই অর্থ নেওয়ার কথা বলেন শেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময়ে ২০০ কোটি ডলারের ঋণচুক্তির বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এর আগে ভারত অবকাঠামো ও যোগাযোগ খাতে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দিয়েছিল।
স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ভারতের প্রথম দফা ঋণের অর্থ অবকাঠামো এবং যোগাযোগ খাতে ব্যয় করা হয়েছে।
২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় ১০০ কোটি ডলারের ঋণের প্রতিশ্রুতি এসেছিল।
সরকারদলীয় সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীর এই সফরে চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল- প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ অর্জন করেছে।
“আমরা ব্যবসা-বাণিজ্য প্রসারিত করলাম। লাভবান হবে বাংলাদেশের মানুষ, এই অঞ্চলের মানুষ, দক্ষিণ এশিয়ার মানুষ।”
এ প্রসঙ্গে শেখ হাসিনা আরও বলেন, “বিরাট সাফল্য বাংলাদেশের জন্য। আমরা রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্য অর্জন করেছি।”
নেপাল ও ভুটানের সঙ্গে উপআঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ বাংলাদেশে আনার বিষয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রশ্ন করেন প্রধানমন্ত্রীকে।
শেখ হাসিনা বলেন, “ভুটান ও নেপালের জলবিদ্যুৎ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে। ভুটানে জলবিদ্যুতে বিনিয়োগ করেছে ভারত। আমরা সেখানে বিনিয়োগ করতে পারি বা বিদ্যুৎ কিনতে পারি। সেই সুযোগ সৃষ্টি হয়েছে।”
ভুটান থেকে বিদ্যুৎ আনার বিষয়ে শিগগিরই আলোচনা শুরু করবেন বলে জানান সরকার প্রধান হাসিনা।
“ক্রয় করে বা কোনো বিনিয়োগ করে আনতে পারি। খুব শিগগিরই ব্যবস্থা নিতে পারব।”
