২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক কানেক্টিভিটিতে জোর হাসিনা-মোদীর

সামগ্রিক উন্নয়নে আন্তঃযোগাযোগকে গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ ও ভারত।

রিয়াজুল বাশার

সুমন মাহবুব ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 06:55 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ বিবৃতিতে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মোদী এবং আমি উভয়েই এ বিষয়ে সম্মত হয়েছি যে, আন্তঃযোগাযোগ শুধু এই দুদেশের নয়, এই অঞ্চলের উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।

“উপকূলীয় নৌ চলাচল চুক্তি, বাণিজ্য চুক্তির নবায়ন, অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রটোকল স্বাক্ষর এবং এর সঙ্গে নতুন বাস সার্ভিস উদ্বোধন এ অঞ্চলে নিরবচ্ছিন্ন সংযোগ প্রতিষ্ঠার প্রতি আমাদের অঙ্গীকারের দৃষ্টান্ত।”

আন্তঃযোগাযোগের মধ্য দিয়ে এ অঞ্চলের জনগণের জন্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “চুক্তিগুলোতে যে নতুন বিষয়সমূহ সন্নিবেশিত হয়েছে তার মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসার প্রসারে নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে।”

ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এবং নানা চুক্তি ও সমঝোতার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছুচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। এ এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা যৌথভাবে আমাদের দ্বি-পক্ষীয় সম্পর্ককে নতুন সম্ভাবনার যুগে ও অধিকতর উচ্চতায় নিয়ে যাচ্ছি।”

ভারতের প্রধানমন্ত্রী দুপুর পৌনে ৪টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পর কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি রুটের বাস সার্ভিসের উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী।

এসময় কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

এরপর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ছিটমহল বিনিময়ে স্থল সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময় করে বাংলাদেশ ও ভারত, যার মাধ্যমে দশকের পর দশক অবরুদ্ধ জীবন কাটানো অর্ধ লক্ষাধিক মানুষের মুক্তির পথ আনুষ্ঠানিকভাবে খুলল।

এ সময় ওই চুক্তি বাস্তবায়নের কার্যপদ্ধতি সম্বলিতপত্রও বিনিময় করা হয়।

যৌথ বিবৃতিতে স্থল সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এর মাধ্যমে ৬৮ বছরের মানবিক সমস্যার সমাধান হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছি।”

স্থল সীমান্ত চুক্তির জন্য বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক ভূমিকার কথাও স্মরণ করেন শেখ হাসিনা।

এসময় মুক্তিযুদ্ধে ভারতের ‘অপরিসীম’ অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

স্বাধীনতার পরপরই দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি ও উন্নতির জন্য প্রতিবেশী দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য বঙ্গবন্ধু যে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা তাও তুলে ধরেন।

যৌথ বিবৃতিতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “ভারত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং একই সাথে আমরা পরস্পরের উন্নয়ন সহযোগী। আজকের এই অপরাহ্নে আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ দ্বি-পক্ষীয় আলোচনা হয়েছে। আমাদের আলোচনা ছিল গঠনমূলক। আমরা পরস্পরের উদ্বেগ এবং অগ্রাধিকার বিষয়গুলো সম্পর্কে অবগত। দ্বি-পক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়েই আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে।”

বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

“মাননীয় প্রধানমন্ত্রী মোদী আমাদের দুদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির বিষয়টি উপলব্ধি করেছেন এবং এ বিষয়ে তার সরকারের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। দু’দেশের মধ্যে বাণিজ্য সমতা আনার জন্য বাংলাদেশে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য মংলা ও ভেড়ামারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। আমরা আশা করছি এরফলে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।”

শেখ হাসিনা বলেন, “আজ আমরা দ্বি-পক্ষীয় বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। যা আমাদের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট। এরমধ্যে রয়েছে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, সংস্কৃতি ও ব্লু ইকনোমি। সহযোগিতার এই বিস্তৃত ক্ষেত্র আমাদের সম্পর্কের গভীরতার ব্যাপ্তি এবং পরিপক্কতার নিদর্শন।”

সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশের ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ বলেও উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

“সীমান্ত শান্তিপূর্ণ রাখা এবং এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

দুই দেশের ৫৪টি অভিন্ন নদীর ব্যবস্থাপনার লক্ষ্যে ‘এক সঙ্গে’ কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান শেখ হাসিনা।

দুই দেশের জনগণের মধ্যে ‘নিবিড় যোগাযোগ’ প্রতিষ্ঠা তাদের ‘অগ্রাধিকার’ বলে যৌথ বিবৃতিতে বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এ লক্ষ্যে গুয়াহাটিতে বাংলাদেশ মিশন এবং খুলনা ও সিলেটে ভারতীয় মিশন খোলার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলে জানান তিনি।

“এটা আমাদের ক্রমবর্ধমান পারস্পরিক বিশ্বাস ও দ্বি-পক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত করার অঙ্গীকারের প্রতিফলন। এসকল পদক্ষেপ আমাদের সম্পর্ককে আরও বিস্তৃত ও গণমুখী করবে।”

সম্পর্ক ‘সুদৃঢ়’ করার ‘অঙ্গীকার’ নিয়ে সফরের শেষে একটি যৌথ ঘোষণা প্রকাশ করা হবে বলে জানান শেখ হাসিনা।

তিনি বলেন, “আমাদের এই যৌথ ঘোষণার অঙ্গীকারগুলোকে এখন বাস্তবে রূপদান করাই গুরুত্বপূর্ণ।”

নরেন্দ্র মোদীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সফর আমাদের দ্বি-পক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন আশা ও গতির সঞ্চার করেছে।”

বিকালে একইসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।