২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উদ্যোক্তারা কানেক্টিভিটির অনুঘটক: পররাষ্ট্রমন্ত্রী

নারী উদ্যোক্তারা আঞ্চলিক কানেক্টিভিটির ক্ষেত্রে ‘অনুঘটক’ হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 11:52 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

বর্তমানে ভারত ও মিয়ানমারের নারী উদ্যোক্তাদের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করছে বিডব্লিউসিসিআই, ব্যবসায়ীদের এ সংগঠনটি বাড়ছেও দ্রুত।  

২০০১ সালে প্রতিষ্ঠিত এ চেম্বারে বর্তমানে চার হাজারের বেশি সদস্য রয়েছেন এবং প্রায় ১০ হাজার উদ্যোক্তা এর সঙ্গে সম্পর্কিত।

এই চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছেন।

তিনি বলেন, তারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে ভারত ও মিয়ানমারের নারী উদ্যোক্তাদের সঙ্গে  মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

মিয়ানমারে তারা নারী উদ্যোক্তাদের রপ্তানি-আমদানি সম্পর্কে শিখিয়েছেন, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি কেড়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর নারী উদ্যোক্তাদের সঙ্গে ‘কার্যকর অংশীদারিত্ব’ গড়ে তোলার ক্ষেত্রে ‘দূরদর্শিতা’ দেখিয়েছে বিডব্লিউসিসিআই।

“বিশেষত ইয়াংঙ্গুনে বিডব্লিউসিসিআইর কর্মশালা আয়োজনের খবর শুনে আমি খুশি হয়েছি,” বলেন তিনি।

রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্কে বর্তমানে বেশ টানাপোড়েন চলছে।

নারী উদ্যোক্তারা অভিযোগ করেন, রপ্তানি বাড়াতে উদ্যোগ নিলেও তারা সীমান্তে বিশষত কাস্টমস কর্মকর্তাদের হয়রানির শিকার হচ্ছেন।

‘লাগেজ পার্টি’র (চোরাকারবারি) সঙ্গে যে ধরনের আচরণ করা হয় তাদেরও সে রকম অভিজ্ঞতার মুখে পড়তে হয় বলে অভিযোগ করা হয়।

ভারতে একটি মেলায় প্রদর্শনীর পর নিজেদের পণ্য নিয়ে ফিরে আসার সময় তাদের সঙ্গে এ ধরনের আচরণ করা হয় বলে অভিযোগ করেন কয়েকজন।

দুর্বল অবকাঠামো, ঘুষ ও দুর্নীতিকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন নারী উদ্যোক্তারা।

নারী-পুরুষ উভয় ধরনের ব্যবসায়ীদেরই এসব সমস্যা মোকাবেলা করতে হয়, “তবে নারী উদ্যোক্তাদের সেনসিটিভিটি আপনাদের বিবেচনা করতে হবে,” বলেন চেম্বার সভাপতি সেলিমা আহমেদ।

সীমান্তের ওপারে নারীদের জন্য আলাদা টয়লেট না থাকার বিষয়টি উঠে আসে আলোচনায় এবং ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি বিজয় সেলভারজ বিষয়টি সম্পর্কে নয়া দিল্লিকে অবগত করার আশ্বাস দেন।

“শিগগিরই এর সমাধান হবে বলে আশা করছি,” বলেন তিনি।

সমস্যাগুলো সুনির্দিষ্ট করে তুলে ধরলে সেগুলো গুরুত্বের সঙ্গে নেওয়া হবে বলে নারী উদ্যোক্তাদের আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

বর্ডারে নিয়োজিত বাংলাদেশি কর্মকর্তাদের ‘মানসিকতা ও কাজের ধরনে’ পরিবর্তন আনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

ভারত-বাংলাদেশ সীমান্তে চালু হওয়া সীমান্ত হাটে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উপায় খুঁজে বের করারও আহ্বান জানান মাহমুদ আলী।

তিনি বলেন, এই অঞ্চলে ভৌত অবকাঠামো এবং জনগণ থেকে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে সরকার।

সেমিনারে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমেদ বলেন, এই অঞ্চলে কানেক্টিভিটি ‘ধীর’ গতিতে এগোচ্ছিল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পর বিষয়টি নতুন গতি পেয়েছে।