২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে সামাজিক উপকারভোগীর সংখ্যা

নতুন বাজেটে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী উপকারভোগীদের সংখ্যা বাড়ানো হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 05:27 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই প্রস্তাব উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষার আওতা বাড়াতে আগামী অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ২৭ লাখ ২৩ হাজার থেকে বাড়িয়ে ৩০ লাখ এবং বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতাভোগীর সংখ্যা ১০ লাখ ১২ হাজার থেকে বাড়িয়ে ১১ লাখ ১৩ হাজার করা হবে।

এছাড়া অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৪ লাখ থেকে ৬ লাখে, প্রতিবন্ধী শিক্ষার্থী উপবৃত্তির সংখ্যা ৫০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজারে উন্নীত করার ঘোষণা দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা এবং কর্মজীবী ল্যাকটেটিং ভাতাভোগীর সংখ্যা শতকরা ২০ভাগ বৃদ্ধি করা হবে। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির হারও বাড়ানো হবে।

 “দারিদ্র বিমোচনে আমরা অনেক অগ্রসর হয়েছি। তা স্বত্ত্বেও দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ এখনো দারিদ্র্যসীমার নীচে বাস করছে। দেশেকে পুরোপুরি দারিদ্র্যমুক্ত করতে আমরা সামাজিক সুরক্ষা বলয়ের যৌক্তিক ও লক্ষ্যভিত্তিক সম্প্রসারণ করেছি।”

এ লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কৌশলপত্র প্রণয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচির কার‌্যকারিতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন তিনি।

“এর আওতায় আমরা অর্থ বিভাগে একটি সোস্যাল প্রোটেকশন ইউনিট প্রতিষ্ঠা করবো।”