নির্ধারিত সময়ের পরে ব্যাংকের নারী কর্মীদের অফিসে রাখা যাবে না
ব্যাংকের নারী কর্মীদের এখন থেকে ব্যাংকিং সময়সূচির পরে অর্থাৎ সন্ধ্যা ৬টার পরে আর অফিসে থাকতে বাধ্য করা যাবে না।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের এ নির্দেশনা দিয়েছে।
তবে অফিসের বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সময়ের পরে কোনো মহিলা কর্মকর্তাকে অফিসে থাকতে হলে উপযুক্ত নিরাপত্তা ও পারিশ্রমিক দিতে হবে বলে ওই সার্কুলারে বলা হয়েছে।
বিভিন্ন ব্যাংকের মহিলা কর্মীদের সন্ধ্যার পরেও বিনা কাজে জোর করে অফিসে বসিয়ে রাখা হয় এবং বিভিন্ন ব্যাংক বিনা কারণে কর্মকর্তাদের চাকরিচ্যুত করছে বলে অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তারা জানান, সম্প্রতি ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এন এ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক কর্মীদের ছাঁটাই করেছে বলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ এসেছে।
