১০ টাকার অ্যাকাউন্টধারীদের প্রশিক্ষণের উদ্যোগ
দশ টাকার ব্যাংক হিসাবধারী কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের দক্ষতাবৃদ্ধির জন্য প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মাস্টারকার্ড, এনআরবি গ্লোবাল ব্যাংক ও উন্নয়ন সংস্থা ব্যুরোর এই প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
‘ফিন্যান্সিয়াল লিটারেসি টু টেন টাকা অ্যাকাউন্ট হোল্ডার’ নামে সামাজিক দায়বদ্ধতামূলক এই প্রকল্পের আওতায় সারাদেশের ১০ হাজার নিম্ন আয়ের মানুষকে নানামুখী প্রশিক্ষণ দেওয়া হবে। এতে নারীদের অগ্রাধিকার থাকবে।
আতিউর রহমান বলেন, কেবল কিছু সংখ্যক মানুষের মাঝে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সীমাবদ্ধ না রেখে দেশের সব শ্রেণির মানুষকে এর অন্তর্ভুক্ত করার নীতি গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সে কারণে বিগত দিনে বিশ্বে বড় ধরনের মন্দা গেলেও বাংলাদেশ এর বিপরীতে এগিয়েছে। অন্তর্ভুক্তিমূলক নীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক সুসংহত।
ভবিষ্যতে অনুন্নত জনগোষ্ঠীকে মাত্র পাঁচ শতাংশ হার সুদে ঋণ দেওয়ার পরিকল্পনা তুলে ধরে গভর্নর বলেন, “এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কিছু করার আছে। সেখান থেকে সুদে ভর্তুকি পেলে ভবিষ্যতে কৃষি ও অন্যান্য উন্নয়নমূলক খাতে পাঁচ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। এতে আরও বেশি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা যাবে।”
আতিউর রহমান বলেন, ১০ টাকার ব্যাংক অ্যাকাউন্টধারীরা কৃষিতে ভর্তুকির টাকা উত্তোলনসহ অন্যান্য কাজে বছরের দু/একদিন এর ব্যবহার করে থাকেন। এই অ্যাকাউন্টকে আরও কার্যকর করার জন্যই তাদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সেজন্য কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে দুইশ কোটি টাকা দিয়েছে বলে জানান তিনি।
ছিটমহলের বাসিন্দাদের সবচেয়ে বেশি সুবিধা বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকের প্রচলিত সবগুলো সুবিধা তাদের দিতে হবে। উন্নয়ন সংস্থাগুলোকে ছিটমহলের মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে।
এ বিষযে যে কোনো উদ্যোগে কেন্দ্রীয় ব্যাংককে পাশে পাওয়া যাবে বলে আশ্বস্ত করেন তিনি।
এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি আব্দুল কুদ্দুস, মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের এমডি বিকাশ বার্মা, ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেনসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
