২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছর প্রবৃদ্ধি ২% বেশি ধরতে চান মুহিত

আগামী ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 01:31 AM

Updated : 22 Aug 2022, 12:11 PM

বুধবার সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে বাজেট নিয়ে এক আলোচনা সভায় তিনি জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার এ আভাস দেন।

সচিবালয়ে এই বৈঠকে অর্থমন্ত্রী বলেন, “খালেদা জিয়া তিন মাস ধরে যে আন্দোলন করেছে, তাতে বিশেষ কোনো ক্ষতি হয়নি। প্রথম মাসটা কিছুটা ক্ষতি হয়েছিল। ফলে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি হবে।

“আগামী অর্থবছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্য বর্তমানের তুলনায় দশমিক ২ বা দশমিক ৩ শতাংশ বেশি নির্ধারণ করার চিন্তা করা হচ্ছে।”

বিশ্ব অর্থনীতি আগামী দুই বছর গতিশীল খাকবে বলে মনে করছেন মুহিত। “আমরা তার সদ্ব্যবহার করতে চাই,” বলেছেন তিনি।  

বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে কার্যক্রম রয়েছে তার পাশাপাশি আগামী বাজেটে মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশনে মনোযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

মুহিত বলেন, “আমি আশা করছি, ২০১৮ সালে আমাদের বাজেটের আকার হবে ৫ লাখ কোটি টাকা।”

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন রাস্তা না করে পুরানো সড়ক সংস্কারেই বেশি জোর দেবে সরকার।

অনুষ্ঠানে ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ বাদল, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সহ-সভাপতি সৈয়দ শাহনেওয়াজ করীম, সাবেক সভাপতি মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবু কাওছার বক্তব্য রাখেন।

তারা বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আস্থা ফেরানো, অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানো, শিল্পের জমির সমস্যা দূর করা, নতুন ভ্যাট আইন ব্যবসাবান্ধব করে বাস্তবায়নসহ আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বাজেটে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

সাংবাদিকদের এসব মতামতের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা তাদের উদ্যোগের কথা জানান।

অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, “আমরাও ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আস্থা বাড়ানো, বিজনেস ইনভায়রনমেন্ট নিয়ে ভেবেছি। বাজেটে তার প্রতিফলন থাকবে। বিদেশি উদ্যোক্তাদের বিশেষ করে চীন, জাপান ও কোরিয়ার উদ্যোক্তাদের কিছু জমি দেয়া হয়েছে। আগামীতে আরও ব্যবস্থা থাকবে।”

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, “ভ্যাট আইন বাস্তবায়ন যাতে ব্যবসাবান্ধব হয় সেবিষয়ে আমরা কাজ করছি। ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়েছে। আশা করছি, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেই আইনটি বাস্তবায়ন করতে পারব।”

ইআরডি সচিব মেজবাহউদ্দিন বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

“বিনিয়োগ রাতারাতি বাড়বে না। এজন্য উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়ে আমরা বেশি মনোযোগ দিচ্ছি, যাতে বিনিয়োগের পাশাপাশি উৎপাদনও বাড়ে। এতে জিডিপি প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।”

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সুশাসন, প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইএমইডি সচিব মোহাম্মদ শহিদুল্লাহ খন্দকার তাদের কার্যক্রমের তথ্য সহজপ্রাপ্য করা হচ্ছে বলে জানান।