২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংক-আইএমএফকে ‘দাম’ দেন না মুহিত

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিশ্ব ব্যাংকসহ ঋণদাতা আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাসকে আমলে নিচ্ছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 11:49 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

পুরনো খবর:

সহিংসতায় ক্ষতি ১৭ হাজার কোটি টাকা: বিশ্ব ব্যাংক
প্রবৃদ্ধি নেমে আসবে ৬% এ, আভাস আইএমএফের
প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশের কম হবে না: মুস্তফা কামাল

“বিশ্ব ব্যাংক, আইএমএফ ও এডিবি সবসময়ই ভুল প্রক্ষেপণ করে। আইএমএফ তো খুবই বাজে করে। এডিবি কিছুটা সরকারের মতো করে,” বলেছেন তিনি।

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশে নেমে আসবে বলে রোববার বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে আভাস দেওয়া হয়েছে।

বিশ্ব ব্যাংকের ওই প্রক্ষেপণের প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “হ্যাঁ, আমি শুনেছি। আমি এটার কোনো দাম-টাম দিই না।”

এরপরই আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর বিরুদ্ধে ভুল প্রক্ষেপণের অভিযোগ তোলেন এক সময় বিশ্ব ব্যাংকে পরামর্শক হিসেবে কাজ করে আসা মুহিত।

তিন বছর আগে পদ্মা সেতুর ঋণ কেলেঙ্কারির তদন্ত নিয়ে মতদ্বন্দ্বের প্রেক্ষাপটে সরকারের বিভিন্ন কর্মকর্তারা বিশ্ব ব্যাংকের সমালোচনামুখর হলেও তখন সংস্থাটিকে এই প্রকল্পে রাখতে চেষ্টা চালিয়েছিলেন তিনি।

চলতি অর্থবছরে সরকার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশের ওপর ধরলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা কমবে বলে মনে করা হচ্ছে।

আইএমএফ বলছে, প্রবৃদ্ধি নেমে আসবে ৬ শতাংশে; এরপর বিশ্ব ব্যাংক এখন আরও কম প্রক্ষেপণ করেছে।

মুহিত বলেন, “প্রবৃদ্ধি নিয়ে সরকারের প্রক্ষেপণ হচ্ছে ক্লোজ টু সেভেন পার্সেন্ট (৭ শতাংশ)। আমি সেভেন পার্সেন্ট বলছি না, তবে কাছাকাছি হবে।”

হরতাল-অবরোধ ডেকে অর্থনীতির ক্ষতি করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি দায়ী করেন অর্থমন্ত্রী।

বিশ্ব ব্যাংক বলেছে, এই বছরের শুরু থেকে রাজনৈতিক অস্থিরতায় ১৭ হাজার ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যে কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে।

ক্ষতির বিষয়টি স্বীকার করে নিয়ে মুহিত বলেন, “আমার এসেসমেন্ট হচ্ছে খালেদা জিয়ার অত্যাচারে সবচেয়ে ক্ষতি হয়েছে সরাসরি বিদেশি বিনিয়োগে(এফডিআই)।

“এরা (বিদেশি বিনিয়োগকারীরা) আসতে শুরু করেছিল। এই সময়ে খালেদা জিয়া জানুয়ারিতে এই সব শুরু করলেন। আমার তো পরিষ্কার বক্তব্য, খালেদা জিয়া দেশের সঙ্গে শত্রুতা করছেন।”

Image
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী

 

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, এডিবির নির্বাহী পরিচালক কাজুহিকো কোগুচি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন মুহিত। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

বার্নিকাটের সঙ্গে আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “মিলেনিয়াম ডেভেলপমেন্ট একাউন্ট (এমডিএ) থেকে বাংলাদেশ কোনো পয়সা পায় না, সেটা তাকে বলেছি।

“এটাও বলেছি, খুব দুঃখজনক যে এই প্রথম আমেরিকার বাজারে আমাদের বস্ত্র খাতের রপ্তানি কমেছে। এ বিষয়ে আমাদের দুঃখ আছে।”

তবে জিএসপি নিয়ে কোনো কথা তোলেননি বলে জানান মুহিত। তিনি বলেন, এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রদূতকে বলবেন।

মধ্যম আয়ের দেশে উন্নীত হতে বাংলাদেশের সামনে বাধাগুলো কী- তা জানতে চেয়েছেন বার্নিকাট। 

“আমি বলেছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি সাধারণ মানুষের বাজার ক্ষমতা বাড়াতে হবে। দারিদ্র্য দূর করতে হবে। একইসাথে আমরা মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্যানিটেশন, স্বাস্থ্য ও রেল যোগাযোগ বাড়ানোর ওপর জোর দিচ্ছি,” বলেন মুহিত।

মুহিত হাসতে হাসতেই বলেন, গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গটিও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় এসেছে।

Image
মার্শা বার্নিকাটের সঙ্গে আলোচনায় অর্থমন্ত্রী

মার্শা বার্নিকাটের সঙ্গে আলোচনায় অর্থমন্ত্রী

 

“অ্যাজ ইউজুয়াল প্রফেসর ইউনূস ইজ লাস্ট পয়েন্ট। তিনি জানতে চেয়েছেন, গ্রামীণ ব্যাংক কেমন চলছে? আমি বলেছি, গ্রামীণ ব্যাংক ভালোই চলছে; যা অসুবিধা হচ্ছে, তা ইউনূস সাহেবের জন্য হচ্ছে।”

গ্রামীণ ব্যাংকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে না পারার ব্যর্থতা স্বীকার করে তার জন্য নোবেলজয়ী ইউনূসকে অন্তরায় হিসেবে দেখিয়েছেন মুহিত।

“তার (ইউনূসের) বন্ধুবর্গ একটার পর একটা কেস (মামলা) করে যাচ্ছে। এখন যাই হোক কেস শেষ হয়েছে। ইউনূস সাহেব সমাজে বিবর্তন এনে দিয়েছেন। মহিলারা ক্ষমতায়িত হয়েছে। সমাজে পরিবর্তন এসেছে। কিন্তু উনার (ইউনূসের) একটি মাত্র প্রবলেম, উনি যে প্রতিষ্ঠান করেছেন, তা ছাড়বেন না।”

কবে নাগাদ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচন হবে বা ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ হবে- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তিনি যুক্তরাষ্ট্র থেকে ফেরার আগ পর্যন্ত হবে না।

বিশ্ব ব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে যোগ দিতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন মুহিত। ২৬ এপ্রিল তার ফেরার কথা রয়েছে।

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

“চীন নমনীয় শর্তে কম সুদে ঋণ দিতে চেয়েছে। তারা অনেক ক্ষেত্রে ডাউন পেমেন্ট নিয়ে থাকে। আমরা বলেছি কোনো কোনো ক্ষেত্রে ডাউন পেমেন্ট ব্যবস্থা বাদ দিতে। তারা বলেছে গ্রান্ট (সহায়তার অর্থ) থেকে ডাউন পেমেন্ট দেওয়া যাবে।”

পদ্মা সেতু প্রকল্পের কাজ পাওয়ায় চীন খুশি হয়েছে জানিয়ে মুহিত বলেন, কর্ণফুলী টানেল নিয়ে আলোচনা হয়েছে।