২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবৃদ্ধি নেমে আসবে ৬% এ, আভাস আইএমএফের

রাজনৈতিক অস্থিরতার প্রভাব অর্থনীতিতে পড়ায় চলতি অর্থবছরে সরকার প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি অর্জন বাংলাদেশের হবে না বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 04:19 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

চলতি ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ আশা করছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ বছরের অর্ধেক পেরোনোর পরপরই অস্থিরতা শুরু হলে গভর্নর আতিউর রহমান বলেছিলেন, প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশের নিচে নামবে না।

তবে ঢাকা সফর শেষে আইএমএফের একটি প্রতিনিধি দলের প্রধান রড্রিগো কুবেরো মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে বলেছেন, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ।

বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ২ শতাংশ। আইএমএফ তারও কম বলছে।

কুবেরো বলেন, “এবছর অভ্যন্তরীণ চাহিদার কারণে বাংলাদেশের অর্থনীতি গতিশীল ছিল। কিন্তু সাম্প্রতিক কয়েক মাসের অস্থিতিশীলতার জন্য অর্থনীতিকে মুল্য দিতে হচ্ছে।”

তবে রাজনীতিতে স্থিতি ফিরলে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশে যেতে পারে বলে মনে করে আইএমএফ।

কুবেরো বলেন, “আগামীতে আমদানি বাড়বে এবং রপ্তানির বর্তমান ধারা অব্যাহত থাকলে বহিঃখাতের চলতি হিসাবে ঘাটতি হতে পারে। বৈদেশিক মুদ্রার মজুদ ধারবাহিকভাবে বাড়ছে। সবমিলিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে আসন্ন ২০১৫-১৬ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হতে পারে।”

Image
অবরোধের আগুনে পুড়ছে খাদ্যশস্য

অবরোধের আগুনে পুড়ছে খাদ্যশস্য

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, “খাদ্য মূল্য কম থাকার কারণে মুল্যস্ফীতি এখন সহনীয় পর্যায়ে হলেও অস্থিতিশীলতার কারণে সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন হচ্ছে, তাতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে।”

সম্প্রসারিত ঋণ সুবিধার (ইসিএফ) পঞ্চম ও ষষ্ঠ মুল্যায়ন শেষে অর্থ মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন করে ঋণদাতা আন্তর্জাতিক সংস্থাটি। এতে সংস্থার ঢাকা মিশনের প্রধান স্টেলা কান্ডেরাও উপস্থিত ছিলেন।

২০১২ সালের ১১ এপ্রিল আইএমএফ ইসিএফের প্রায় এক বিলিয়ন (৮৮৭ দশমিক ৬৪ মিলিয়ন) ডলারের এই ঋণ অনুমোদন করে। ইসিএফ তিন বছরের চুক্তি।

কিছু নীতিগত সংস্কারের শর্তে এই ঋণ দেয় আইএমএফ। এজন্য এই প্রতিটি কিস্তি ছাড় করার আগে আইএমএফ ঋণের অর্থের ব্যবহার ও শর্তযুক্ত নীতির সংস্কারগুলোর অগ্রগতি পর্যালোচনা করে থাকে।

সংস্থার এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় আঞ্চলিক বিভাগের উপপ্রধান কুবেরোর নেতৃত্বে এবার গত ২৫ ফেব্রুয়ারি প্রতিনিধি দলটি ঋণের কিস্তির মু্ল্যায়নের জন্য ঢাকায় আসে।

এই ঋণের শর্ত হিসেবে ২০১২ সালে ভ্যাট আইন করা হয়েছে, যা ২০১৬ সালের জুলাই থেকে কার্যকর হবে। ২০১৩ সালে ব্যাংক কোম্পানি আইনেও সংশোধন আনা হয়।

প্রতিবারের মতো এবারও অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী,, বাংলাদেশ ব্যাংক গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আইএমএফ প্রতিনিধি দল।

কুবেরো বলেন, শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই দারিদ্র্য বিমোচনের জন্য সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় থাকতে হবে। একইসঙ্গে বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে হবে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরপতনে বাংলাদেশে দাম কমানোর বিষয়ে কোনো পরামর্শ রয়েছে কি না, জানতে চাইলে তা সরকারের হাতেই ছেড়ে দেন আইএমএফ কর্মকর্তা; যদিও তেলে ভর্তুকি কমিয়ে তেলের দাম বাড়াতে আগে সব সময় তাগিদ দিয়ে আসত তারা।

কুবেরো বলেন, “আমরা মনে করি জ্বালানি তেলের দাম সমন্বয় করার কাজটি বাংলাদেশ সরকারের নিজস্ব বিষয়। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের জানানো হয়েছে, জ্বালানি তেলের দাম সরকার কমাবে না। এর মাধ্যমে বিপিসির লোকসান কিছুটা হলেও কমিয়ে আনতে চায় সরকার।”

বিরোধী জোটের হরতাল-অবরোধের মধ্যে এই সফরে নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না- সাংবাদিকদের এই প্রশ্নে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে কোনো সমস্যা বোধ করিনি। তবে এদেশের বৃহৎ জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অস্থিতিশীল পরিস্থিতিতে নিরাপত্তাহীনতা অনুভব করতে পারে।”

পুরনো খবর:

জিডিপি প্রবৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রীও সংশয়ে
অবরোধ-হরতালে ক্ষতি ১২০০০০ কোটি টাকা: প্রধানমন্ত্রী