২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ‘ভালো’ ঋণগ্রহীতাদেরও সুবিধা দেবে ব্যাংক

দীর্ঘদিন খেলাপিদের নানাভাবে রেয়াত দিয়ে এসে এবার ব্যাংক খাতের ‘ভালো’ ঋণগ্রহীতাদেরও ‘বিশেষ সুবিধা’ দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 06:11 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

কোনো ঋণগ্রহীতা চলমান ঋণের ক্ষেত্রে টানা তিন বছর নিয়মিত কিস্তি শোধ করলে পরের বছর তিনি ঋণের বিপরীতে আদায় করা সুদ থেকে কমপক্ষে ১০ শতাংশ ছাড় বা রিবেট পাবেন।

তলবী ঋণের ক্ষেত্রেও একই ধরনের সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো এক সার্কুলারে ‘ভালো’ ঋণগ্রহীতার সংজ্ঞাও ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রেসিডেন্ট ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনাকে স্বাগত জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর ফলে ভালো উদ্যোক্তারা উৎসাহিত হবেন। ব্যাংক খাতে খেলাপি ঋণের সংস্কৃতি দূর করতে এ সিদ্ধান্ত সহায়ক হবে।”

‘ভালো ঋণগ্রহীতাদের প্রণোদনা প্রদান’ শীর্ষক এ সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের ঋণ আদায় ও দেশের ব্যবসা-বাণিজ্য সচল রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন  সময়ে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য ঋণ পুনঃতফসিল, পুনর্গঠনসহ বিভিন্ন নীতিমালা করে থাকে। পাশাপাশি ব্যাংকগুলোও নিজস্ব নীতিমালার আলোকেও গ্রাহকদের নানা ধরনের সুবিধা দেয়।

“কিন্তু ভালো ঋণগ্রহীতাদের উৎসাহিত করার জন্য কোন ধরনের প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার নীতিমালা নেই। এ প্রেক্ষিতে দেশে উন্নত ঋণ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যারা নিয়মিত ঋণ পরিশোধ করেন, অর্থাৎ ভালো ঋণগ্রহীতাদের অতিরিক্ত কিছু সুবিধা প্রদানের মাধ্যমে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।”

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫০ হাজার ১৫৫ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৯ দশমিক ৬৯ শতাংশ।

‘ভালো’ ঋণগ্রহীতা

কেন্দ্রীয় ব্যাংক বলছে, একজন ঋণগ্রহীতার হিসাব টানা তিন বছর ‘অশ্রেণীকৃত-স্ট্যান্ডার্ড’ অবস্থায় থাকলে, অর্থাৎ তিনি খেলাপি না হলে এবং মঞ্জুরিপত্র বা নবায়নপত্রের শর্ত অনুসারে তার হিসাবের লেনদেন ‘সন্তোষজনক’ হলে তিনি ‘ভালো ঋণগ্রহীতা’ বিবেচিত হবেন।

তলবী ঋণের ক্ষেত্রেও টানা তিন বছর গ্রাহকের সব তলবী ঋণ ‘অশ্রেণীকৃত-স্ট্যান্ডার্ড’ অবস্থায় সমন্বিত হলে তাকে ‘ভালো ঋণগ্রহীতা’ বিবেচনা করে সুবিধা দেওয়া হবে।

মেয়াদী ঋণের ক্ষেত্রে এই সুবিধা পেতে হলে গ্রাহককে তিন বছর (গ্রেস/মরেটোরিয়াম পিরিয়ড বাদে) নিয়মিতভাবে কিস্তি পরিশোধ করতে হবে এবং তিনি খেলাপি হতে পারবেন না।

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে টানা তিন বছর কোনো গ্রাহক বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণ থাকলে তিনি ভালো ঋণগ্রহীতা হিসাবে বিবেচিত হবেন না।

প্রণোদনা

সার্কুলারে বলা হয়েছে, ভালো ঋণগ্রহীতার চলমান ঋণের ক্ষেত্রে টানা তিন বছর নিয়মিত ঋণ পরিশোধ সাপেক্ষে তৃতীয় বছর শেষে ওই বছরে আদায়যোগ্য সুদ/মুনাফা থেকে অন্তত ১০ শতাংশ ছাড় দিতে হবে।

এই ধারা অব্যাহত থাকলে, অর্থাৎ গ্রাহক নিয়মিতভাবে ‘ভালো ঋণগ্রহীতা’ হিসেবে চিহ্নিত হলে তিনি একই সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া ভালো ঋণগ্রহীতাদের চাহিদা অনুযায়ী বর্ধিত ঋণ সুবিধাও দেওয়া যাবে।

তলবী ও মেয়াদী ঋণের ক্ষেত্রেও একইভাবে সুবিধা প্রযোজ্য হবে। এছাড়া বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে স্বীকৃতি বা পুরস্কার দিয়ে ভালো ঋণগ্রহীতাদের উৎসাহিত করতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে সার্কুলারে।

এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে খেলাপি ঋণ গ্রহীতাদের ঋণ পুনঃতফসিল করার জন্য বিশেষ ছাড় দেয়।

ওই সার্কুলারে বলা হয়, ২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহিতাদের খেলাপি ঋণ মাত্র ৫ শতাংশ ডাউন পেমেন্টে (এককালীন জমা) পুনঃতফসিল করা যাবে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী খেলাপি ঋণ পুনঃতফসিল করতে হলে খেলাপির মান অনুযায়ী ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ডাউন পেমেন্ট দিতে হয়।

গত বছরের জুনে এই সুবিধার মেয়াদ শেষ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই ছাড় দেওয়ায় ব্যবসায়ী-শিল্পপতিরা প্রায় ২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ ৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে পুনঃতফসিল করেছেন।

এছাড়া সম্প্রতি কয়েকজন বড় ঋণগ্রহীতার আবেদনে ৫০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে এমন প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ সহজ করতে ঋণ পুনর্গঠন নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক। 

দেশের রাজনৈতিক অস্থিরতা, অবকাঠামো সমস্যা ও আন্তর্জাতিক বাজার প্রেক্ষাপটে যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে সময়মত ঋণ পরিশোধ করতে পারছে না- তাদের সুবিধা দিতে এই নীতিমালা করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ঋণ পুনর্গঠন নীতিমালার আওতায় সুবিধা পেতে আবেদন করতে পারবেন গ্রাহকরা।

এছাড়া যে কৃষকরা ঋণ নিয়ে পরিশোধ করতে পারছেন না তাদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা না করে আপস-রফার মাধ্যমে আদায়ের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আইনে সার্টিফিকেট মামলা করার বাধ্যবাধকতা থাকলেও এ ধরনের মামলা তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে দুই লাখের বেশি সার্টিফিকেট মামলা বিচারাধীন।