সঙ্কট সাময়িক: মুহিত
বিএনপির জোটের আন্দোলনের কারণে চলমান অস্থিরতাকে সাময়িক সঙ্কট মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সরকারি প্রচেষ্টার সঙ্গে দেশবাসীর প্রতিরোধে অচিরেই পরিস্থিতি বদলে যাবে বলে আশা করছেন তিনি।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে দুই মাসের বেশি সময় ধরে ২০ দলের অবরোধ-হরতালে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন ব্যবসায়ীরা।
এর মধ্যে রোববার অর্থবছরের প্রথম ছয় মাসের বাজেট বাস্তবয়নের অগ্রগতি এবং সামষ্টিক অর্থনীতির গতিধারার চিত্র নিয়ে সংসদে দেওয়া বিবৃতির শুরুতেই চলমান পরিস্থিতির কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, আর্থ-সামাজিক অর্জনের পথ ধরে বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে উপনীত, তখন এই অগ্রযাত্রাকে প্রতিহত করার অপচেষ্টা চলছে।
অবরোধ-হরতালে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সেবার সরবরাহে বিঘ্ন ঘটার পাশাপাশি ক্ষুদে ব্যবসায়ী, দিনমজুর আর শ্রমিক শ্রেণি দুর্বিষহ যাতনায় পড়ার কথা উঠে এসেছে অর্থমন্ত্রীর বিবৃতিতে।
তিনি বলেন, “এ সাময়িক সঙ্কট আমাদের গভীরভাবে ব্যথিত করলেও আমরা বিশ্বাস করি, সরকারের প্রচেষ্টার পাশাপাশি দেশবাসীর সাহসী প্রতিরোধ অচিরেই জনবিচ্ছিন্ন এই সকল কার্যকলাপের সমাপ্তি ঘটবে।”
প্রতিবেদনে মুহিত বলেন, ২০১৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পূর্ণ একটি বছর সাবলীল ধারায় এগিয়ে যাচ্ছিল বাংলাদেশের অর্থনীতি। উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকার পাশাপাশি স্থিতিশীলভাবে কমে আসা মূল্যস্ফীতি জনজীবনে স্বস্তি এনে দিয়েছিল।
ফাইল ছবি
“গভীর বেদনার বিষয় এই যে, দেশপ্রেম বিবর্জিত সাম্প্রতিক অনভিপ্রেত কর্মকাণ্ড সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। জনগণের স্বাভাবিক জীবনধারাকে করছে ব্যাহত।”
সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা অইন ২০০৯ এর ১৫ (৪) বিধান অনুযায়ী, অর্থমন্ত্রী প্রতি তিন মান অন্তর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করবেন।
তার আলোকেই মুহিত রোববার ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর এবং জুলাই-ডিসেম্বর মেয়াদের দুটি প্রতিবেদন একসঙ্গে উপস্থাপন করেন।
