বীমা কোম্পানির প্রধান নিয়োগে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে
এখন থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো বীমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে না।
মঙ্গলবার সব বীমা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে সার্কুলার পাঠিয়ে এই নির্দেশনা দিয়েছে আইডিআরএ।
সার্কুলারে বলা হয়েছে, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে অনেক বীমা কোম্পানি তাদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ বা নিয়োগের চুক্তি নবায়ন অথবা তাদের অপসারণে বীমা আইন-২০১০ ও এ সংক্রান্ত বিধিমালা মানছে না।
“প্রায় বীমা কোম্পানির পরিচালনা পর্ষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়ার পরপরই তাকে কোম্পানিতে যোগ দেওয়ার সুযোগ দিচ্ছে এবং ওই কর্মকর্তা কাজ শুরু করছেন ও বেতন নিচ্ছেন।
“কিন্তু আইডিআরএর অনুমোদন ছাড়া কোনো ব্যক্তির বীমা কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন এবং বেতন গ্রহণ বীমা আইন-২০১০ এর ৮০ ধারা এবং প্রবিধানমালা-২০১২ এর পরীপন্থী।”
