২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচারের তথ্য এইচএসবিসি বাংলাদেশের কাছে নেই

এইচএসবিসিকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অর্থ পাচারের যেসব তথ্য উঠে এসেছে সে বিষয়ে বাংলাদেশে ব্যাংকটির নথিতে কোনো তথ্য নেই বলে কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছেন কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 11:13 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আর্থিক গোয়েন্দা শাখার উপ-প্রধান  ম. মাহফুজুর রহমানের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান এইচএসবিসি বাংলাদেশের প্রতিনিধিরা।

প্রতিনিধি দলে চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্ল্যায়েন্স অফিসার ইব্রাহিম সারোয়ার ও ব্যাংকটির জনসংযোগ প্রধান তালুকদার নোমান আনোয়ারসহ চার কর্মকর্তা ছিলেন।

বৈঠকের পর মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সতত্যা সম্পর্কে এইচএসবিসির কর্মকর্তারা জানান, এগুলো ২০০৬ সালের আগের ঘটনা; বাংলাদেশ থেকে অর্থ পাচারের কোনো তথ্য তাদের কাছে নেই।

“আমরা সহসাই লোক পাঠাবো এইচএসবিসি ব্যাংকে। তারা এ সংক্রান্ত তথ্য যাচাই করে দেখবে। তাছাড়া সুইস ব্যাংকের কাছে আবারো চিঠি লেখা হবে যে, ওই টাকাগুলো কি বাংলাদেশের কারো নাকি বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের তা জানতে।”

সম্প্রতি লন্ডন থেকে প্রকাশিত দ্যা গার্ডিয়ান, ফরাসি পত্রিকা লা মঁদ, বিবিসি প্যানোরামা ও ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের (আইসিআইজে) সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন এইচএসবিসির তথ্য পাচারের একটি প্রতিবেদন প্রকাশ করে।

এসব প্রতিবেদনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর ফাঁকি দিয়ে এইচএসবিসির সুইস প্রাইভেট ব্যাংকের অর্থপাচার করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

পুরনো খবর:

অর্থপাচার: এইচএসবিসির কর্মকর্তাদের তলব