বাজেট প্রণয়নে প্রস্তাব নিচ্ছে এনবিআর
আগামী ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব বাজেট তৈরির কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নতুন বাজেট তৈরিতে সহায়তার জন্য বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব আগামী ৫ মার্চের মধ্যে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইতে লিখিতভাবে জমা দিতে অনুরোধ করেছে এনবিআর।
একইসঙ্গে প্রস্তাবের একটি সফট কপি ই-মেইল ঠিকানা (nbrbudget2015@gmail.com) তে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এনবিআরের প্রথম সচিব এবং প্রধান বাজেট সমন্বয়কারী আবদুছ সামাদ আল আজাদ স্বাক্ষরিত এক চিঠিতে চেম্বার ও এসোসিয়েশনকে এ অনুরোধ জানানো হয়েছে।
যে সব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোন চেম্বার বা এসোসিয়েশনের সদস্য নয়- তারাও প্রধান বাজেট সমন্বয়কারীর বরাবরে বাজেট প্রস্তাব প্রেরণ করতে পারবেন।
ই-মেইলের মাধ্যমেও প্রস্তাব পাঠানো যাবে বলে চিঠিতে বলা হয়েছে।
“আশা করি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ২০১৫-১৬ অর্থবছরের জন্য একটি অংশিদারিত্বমূলক, গণমুখী, শিল্প ও ব্যবসা-বান্ধব এবং একই সাথে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে।”
রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করতে প্রতিবারের মতো এবারও বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড এসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং বুদ্ধিজীবি মহলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়ন করা হবে বলে চিঠিতে বলা হয়েছে।
