২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি: আরও চিকিৎসকের তথ্য চেয়েছে এনবিআর

কর ফাঁকির অভিযোগে আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 09:45 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

মঙ্গলবার এনবিআরের বিভিন্ন কর অঞ্চল থেকে চিঠি পাঠিয়ে রাজধানীর নামকরা সরকারি-বেসরকারি হাসপাতালের কয়েকজন চিকিৎসকের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়।

চিঠিতে ২০০৮ সালের ১ জুলাই থেকে এ পর্যন্ত ওই চিকিৎসকদের পাশাপাশি তাদের তাদের স্ত্রী ও সন্তানের নামে বা যৌথ নামে এফডিআর, এসটিডিসহ যে কোনো ধরনের সঞ্চয়ী হিসাব, মেয়াদি হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট বা ডেবিট কার্ড হিসাব, ভল্ট বা সঞ্চয় পত্র বা অন্য কোন সেভিংস ইনস্ট্রুমেন্ট হিসাবসহ সব তথ্য চায় এনবিআর।

ওই চিকিৎসকদের মধ্যে রয়েছেন, বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা. প্রশান্ত কুমার চন্দ, বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. খাজা নাজিম উদ্দীন।

এছাড়া বিএসএমএমইউ’র গ্যাস্ট্রোএনটেরোলজি বিভাগের অধ্যাপক এ এস এম এ রায়হান, এনেসথেসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল হাইয়ের নামও রয়েছে।

আগামী ৫ কর্মদিবসের মধ্যে তাদের ব্যাংক হিসাবের তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

এর বাইরে আরও কয়েকজন চিকিৎসকের বাসার ঠিকানা দিয়ে তথ্য চাওয়া হয়েছে।

তারা হলেন, ডা. মো.  লুৎফর রহমান, ডা. রাশিদা বেগম, ডা. আইয়ুব আনসারী, ডা. এ কে এম হাফিজুর রহমান, ডা. আখতার নমির মোহাম্মাদ হারুনূর রশিদ, ডা. এ কে এম আনোয়ার উল্লাহ, ডা. মোঃ আবুল বাশার।  

এর আগে বোরবার ও সোমবার বিভিন্ন কর অঞ্চল থেকে চিঠি পাঠিয়ে কমপক্ষে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যাংক হিসাবের তথ্য চায় এনবিআর।

কর কর্মকর্তাদের সঙ্গ কথা বলে জানা গেছে, এনবিআর মনে করছে প্রকৃত আয় গোপন করে বড় ধরনের কর ফাঁকি দিচ্ছেন এসব চিকিৎসক। আয়কর রিটার্নে আয় ও সম্পদের যে বিবরণী তারা দিয়েছেন তার সঙ্গে প্রকৃত সম্পদের কোনো পার্থক্য আছে কিনা তা  যাচাই করার জন্য এ তথ্য চাওয়া হচ্ছে।

পুরনো খবর:

চিকিৎসকদের কর ফাঁকির খোঁজে এনবিআর