২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপবৃত্তির আওতায় আরও ১৭ লাখ শিক্ষার্থী

সারাদেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ১৭ লাখ ৩ হাজার দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় এনেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 03:52 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

বিজ্ঞান বিভাগ ও অন্যান্য বিভাগ এই দুই ক্যাটাগরিতে এই উপবৃত্তি দেওয়া হবে।

বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী মাসিক বৃত্তি হিসেবে ১৭৫ টাকা ও টিউশন ফি বাবদ ৫০ টাকা পাবে। সেইসঙ্গে বই কেনা ও পরীক্ষা ফি বাবদ পাবে এককালীন ১ হাজার ৬০০ টাকা।

অন্যান্য বিভাগের একজন শিক্ষার্থী মাসে ১২৫ টাকা বৃত্তি ও ৫০ টাকা টিউশন ফি পাবে। এছাড়া বই কেনা ও পরীক্ষা ফি বাবদ এককালীন পাবে ১ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পটিসহ ১ হাজার ৩৪৭ কোটি টাকার মোট ছয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, অনুমোদিত ছয় প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন প্রকল্প। একটি সংশোধিত। এসব প্রকল্পের খরচের পুরোটাই সরকারি তহবিল থেকে জোগান দেওয়া হবে।

‘উচ্চ মাধ্যমিক উপবৃত্তি’ প্রকল্পের কার্য‌পত্রে বলা হয়েছে, এই পর্যায়ে অধ্যয়নরত মোট নারী শিক্ষার্থীদের মধ্যে ৪০ ভাগ এবং পুরুষ শিক্ষার্থীদের মধ্যে ১০ ভাগকে এ উপবৃত্তির আওতায় আনা হবে।

এর ফলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধের পাশাপাশি বিজ্ঞান শিক্ষায় উৎসাহ বাড়বে বলে সরকার আশা করছে।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৫১৩ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ২০১৪ সালের জুলাই ২০১৭ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত করবে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, এই প্রকল্পটি ছাড়াও উপবৃত্তি সংক্রান্ত আরও পাঁচটি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে তিনটি মাধ্যমিক, একটি উচ্চ মাধ্যমিক ও একটি স্নাতক পর্যায়ে চলমান।

যেসব এলাকার দরিদ্র শিক্ষার্থী এখনও উপবৃত্তির আওতায় আসেনি, তাদেরও পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

“সবাইকে মনে রাখতে হবে, আমাদের এগিয়ে যাবার একমাত্র উপায় হলো শিক্ষা। এক্ষেত্রে অর্থ ব্যয়কে আমরা ভবিষ্যত বিনিয়োগ হিসেবেই দেখছি,” বলেন মুস্তফা কামাল।

সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই এমন ৩১৫টি উপজেলায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে বাছাই করে একটি স্কুলকে মডেল স্কুল করা সংক্রান্ত একটি সংশোধিত প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে একনেকের সভায়।

‘সরকারি বিদ্যালয়বিহীন ৩১৫টি উপজেলা সদরে অবস্থিত নির্বাচিত বেসরকারি বিদ্যালয়সমূকে মডেল বিদ্যালয়ে রূপান্তর’ প্রকল্পের কাজ শুরু হয় ২০০৯ সালে। শেষ হওয়ার কথা ছিল ২০১৪ সালের ডিসেম্বরে। এখন সময় বাড়িয়ে তা ২০১৬ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

সংশোধিত এই প্রকল্পটির ব্যয় ৯২ কোটি টাকা বেড়ে ৫৫৮ কোটি টাকা হয়েছে। মূলত ৫টি উপজেলায় নতুন করে মাধ্যমিক স্কুলের অন্তর্ভুক্তি, ২৯টি বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ৩১৫টি বিদ্যালয়ে বিজ্ঞান গবেষণাগারসহ মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ নির্মাণের কারণে ব্যয় বেড়েছে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির আর্থিক অগ্রগতি ৬৮ শতাংশ বলে পরিকল্পনামন্ত্রী জানান।

এছাড়া সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল কম্পাউন্ডের নির্মাণাধীন ‘৭ মার্চ ভবন’কে ১১ তলা পর্যন্ত সম্প্রসারণ বিষয়ক একটি প্রকল্পও অনুমোদন হয়েছে একনেকে।

এর ফলে এ ছাত্রী হলে নতুন করে ৫০০ নারী শিক্ষার্থীর স্থান সঙ্কুলান হবে। বর্তমানে ভবনটির কাজ ৬ তলা পর্যন্ত সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৪৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১৭ সালের জুনের মধ্যে বাস্তবায়িত হবে।

সভায় পাকুয়া-দেলদুয়ার-এলাসিন সড়কের ১২তম কিলোমিটারে এলেনজানী নদীর ওপর ৯৩.০২ মিটার নাল্লাপাড়া পিসি গার্ডার সেতু নির্মাণ এবং বালিয়া-ওয়ার্শি-মির্জাপুর সড়কে ২টি পিসি গার্ডার সেতু নির্মাণ, রংপুরে পল্লী উন্নয়ন একাডেমি স্থাপন এবং নীলফামারী ও নেত্রকোনা জেলা স্টেডিয়ামের উন্নয়ন ও রংপুর মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের তিনটি প্রকল্প  অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় মন্ত্রিসভার সদস্য, সচিব, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।