২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট কেটে যাবে: মুহিত

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই বিএনপি ‘সহিংস রাজনীতির পথ’ বেছে নিয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই সংকট উত্তরণে সরকার আত্মবিশ্বাসী। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 06:38 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

ঢাকা সফররত কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডান্ট্রির (সিএসিসিআই) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে সোমবার অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “হরতাল-অবরোধের নামে বিএনপি সারা দেশে যে সহিংসতা চালাচ্ছে তা রাজনীতি নয়; এন্টি ডেভেলপমেন্ট কর্মকাণ্ড। এটাকে আমি কোনোভাবেই রাজনীতি বলতে রাজি নই।”

তবে কোনওভাবেই বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, “যে সংকট চলছে তা সাময়িক। আমরা কনফিডেন্ট। আমরা এই সংকট ওভারকাম করতে পারব।”

ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদসহ দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে মন্ত্রী আশ্বাস দেন,  একটি ‘নির্দিষ্ট সময়ের পর’ সবকিছু ‘ঠিক করে’ ফেলা হবে।

অর্থমন্ত্রী বলেন, ২০১৪ সাল বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে ভালো বছর গেলেও ২০১৫ এর শুরুতেই বিএনপি ‘উন্নয়নবিরোধী কর্মকাণ্ড’ শুরু করেছে।

অর্থমন্ত্রী বলেন, ভালো নীতি গ্রহণের ফলে গত ছয় বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। শুধু অর্থনীতি নয়, মানবোন্নয়ন সূচকেও অনেক অগ্রগতি হয়েছে। ৯৮ শতাংশ শিশু এখন স্কুলে যায়।

“বাংলাদেশে দারিদ্র্যের হার মালয়েশিয়া বা অন্যান্য দেশের চেয়ে সন্তোষজনক। ব্যাপক জনসংখ্যার দেশ হওয়ার পরও আমাদের দারিদ্র্যের হার এখন ১৭ শতাংশ।”

গত ছয় বছরে রপ্তানি বাণিজ্য ও বিদ্যুত খাতের ‘অনেক উন্নয়ন’ হলেও যোগাযোগ-অবকাঠামো ও সেবাখাতের আরও উন্নয়ন প্রয়োজন বলে মত দেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ।

বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগের ‘অনুকূল পরিবেশ রয়েছে’ উল্লেখ করে অর্থমন্ত্রী বিদেশি প্রতিনিধিদলকে এ দেশের বিনিয়োগের অনুরোধ করেন।

সিএসিসিআই সভাপতি জেমাল ইনাইশভিলি বলেন, “বাংলাদেশ বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। কিন্তু তার জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। বর্তমানে এখানে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়।”

সরকার শিগগিরই স্থিতিশীলতা ফেরাতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, অনেক বাধা-বিপত্তির পরও গত ছয় বছরে সরকার বাংলাদেশের অর্থনীতিতে ‘মিরাকল’ ঘটিয়েছে।

ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিএসিসিআই প্রতিনিধি দলের সদস্য ভারত, তুরস্ক, থাইল্যান্ড, ইরান, জর্জিয়াসহ দশটি দেশের ব্যবসায়ী নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে অংশ নেন।

চার দিনের সফরে গত রোববার এই প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে আসেন।