পরিবেশবান্ধব পুনঃঅর্থায়নের আওতা বাড়লো
নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব পুনঃঅর্থায়ন স্কিমের আওতা বাড়িয়ে আরও দুটি খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এখন থেকে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসম্পূরক ও প্যাকেজিং খাত এবং টেরি টাওয়েল ও লিনেন খাতের ব্যবসায়ীরাও এই তহবিল থেকে ঋণ নিতে পারবেন।
তবে তাদের কারখানাকে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) সদস্য হতে হবে।
রোববার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এবিষয়ে নির্দেশনা দিয়েছে।
সার্কুলারে বলা হয়, বিজিএপিএমইএ ও বিটিটিএলএমইএভুক্ত প্রতিষ্ঠানের নিজস্ব কারখানার অগ্নি নির্বাপক সমস্যা, অগ্নি প্রতিরক্ষামূলক সমস্যা, ছাদ ও ভূগর্ভে প্রয়োজনীয় সংখ্যক পাম্পসহ পানি সংরক্ষণাগার নির্মাণসহ সংস্কার, পুনর্গঠন ও প্রতিস্থাপন কাজের জন্য পুনঃঅর্থায়ন স্কীমের সুবিধা পাবেন।
১৫০ কোটি টাকার এই তহবিল থেকে বর্তমানে নয়টি খাতের ৪৭টি পণ্যের বিপরীতে ঋণ দেওয়া হয়।
গত দুবছরে ধরে তৈরি পোশাক শিল্পসহ সহযোগী শিল্প কারখানায় নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা নিয়ে বিদেশি ক্রেতাদের চাপের প্রেক্ষিতে তৈরি পোশাক শিল্পে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলো বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ সুবিধা দিচ্ছে।
এবার সেই সুবিধা তৈরি পোশাক শিল্পের সহযোগী শিল্প খাতকেও দেওয়া হলো।
এই তহবিল মাত্র ৫ শতাংশ সুদে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেওয়ার পর তারা ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে খুচরা পর্যায়ে সুদহার ঠিক করে।
