‘নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ যথেষ্ট নয়’
ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মধ্যে সংখ্যায় বেশি যারা, সেই নারীদের ক্ষমতায়নে এটি খুব বেশি প্রভাব ফেলতে পারেনি বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষক, জেন্ডার বিশেষজ্ঞ এবং নারী অধিকার বাস্তবায়নে আন্দোলনকারীরা।
রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসংস্থান সহায়তা ফাউন্ডেশনের (পিকেএসএফ) মিলনায়তনে রোববার ‘নারীর ক্ষমতায়নে ক্ষুদ্র অর্থায়ন : সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই মত উঠে আসে।
বেসরকারি সংস্থা ঊষা, পিকেএসএফ এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় মতবিনিময় সভাটির আয়োজন করে ‘ন্যাশনাল ককাস ফর উইমেন্স ইকোনোমিক এমপাওয়ারমেন্ট’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ককাসের চেয়ারপার্সন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম। প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ’র চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।
খলীকুজ্জমান বলেন, “নারীকে নারী হিসেবে নয় মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে। টাকা হলেই ক্ষমতায়ন হয় না। ক্ষমতায়নের জন্য শিক্ষা এবং সচেতনতা আবশ্যক।
“দারিদ্র্য ও ক্ষমতায়ন একমাত্রিক নয়, সুতরাং সব পরিপ্রেক্ষিত থেকেই দরিদ্রতা এবং ক্ষমতায়নকে দেখতে হবে।”
সাদেক হালিম বলেন, “ক্ষুদ্রঋণের সবচেয়ে বড় ভোক্তা নারীরা। আবার এই নারীরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। এখানে আমরা রিভার্স একটা রিলেশন দেখি, যেখানে এই রিলেশনটা হারমোনিয়াস একটা রিলেশন হওয়ার কথা ছিল।
“দেশের প্রধানমন্ত্রী, স্পিকার নারী হলেও এটা বেশ অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার। কারণ তৃণমূলে বিভিন্ন পর্যায়ে- ওয়ার্ড কমিশনার, ইউনিয়ন পরিষদসহ অন্যান্য বিভিন্ন জায়গায় নারী সদস্য যারা আছেন, তাদের সঙ্গে আমরা যখন কথা বলি, তখন দেখা যায় যে তাদের ভূমিকাটা অনেকটাই অর্নামেন্টাল। সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের তেমন কোনো সুযোগ দেওয়া হয় না।”
সম্পত্তির উত্তরাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি নীতির অসঙ্গতি তুলে ধরে সমাজ বিজ্ঞানের এই শিক্ষক বলেন, “একজন নারীকে সরকারি খাস জমির বরাদ্দ পেতে হলে তার একজন সাবালক ছেলে থাকতে হবে। নাবালক ছেলে হলে নারী খাস জমির বরাদ্দ পাবে না, অথচ তারই এ জমি বেশি দরকার। সরকারি নীতিগুলোর এ ধরনের অসঙ্গতিও দূর করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম।
জেন্ডার সংবেদনশীল ক্ষুদ্র অর্থায়নের লক্ষ্যে ন্যাশনাল ককাস প্রণীত সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ব্যাপারে আশ্বাস দেন খন্দকার মাজহারুল হক।
ক্ষুদ্র অর্থায়নের পাশাপাশি নারীর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন শাহীন আনাম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ককাসের সদস্য সচিব ও উষা’র নির্বাহী পরিচালক হোসনে আরা খান। ন্যাশনাল ককাসের সুপারিশ উপস্থাপন করেন ন্যাশনাল ককাসের সদস্য সংস্থা ইনাফি বাংলাদেশ-এর সহযোগী পরিচালক মাহবুবা হক।
সভায় আরো উপস্থিত ছিলেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিমসহ এর সহযোগী সংস্থাগুলোর মধ্য থেকে ৩০টি ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান এবং ন্যাশনাল ককাসের ৯টি সদস্য সংস্থার মোট ১০০ জন প্রতিনিধি।
ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিকে নারীর ক্ষমতায়ন-অনুকূল একটি কার্যকর কর্মসূচিতে রূপান্তর করার উদ্দেশ্যে পিকেএসএফ’র সহযোগী সংস্থাগুলোর সঙ্গে কাজ করার সেই লক্ষ্যকে সামনে রেখে এই মতবিনিময় সভাটির আয়োজন করে ন্যাশনাল ককাস।
সভায় অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিগণ জেন্ডার সংবেদশীল ক্ষুদ্র অর্থায়নের পক্ষে নীতিগতভাবে ঐকমত্য পোষণ করেন এবং এ-ব্যাপারে নিজ নিজ প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
