প্রত্যেকের অন্তত একটি ব্যাংক হিসাবের স্বপ্ন গভর্নরের
দেশের প্রত্যেক মানুষকে অন্তত একটি ব্যাংক হিসাব খুলে দেওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে গভর্নর আতিউর রহমান জানিয়েছেন।
শনিবার এক ব্যাংকিং সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, “প্রত্যেক মানুষের যাতে অন্তত একটি করে ব্যাংক হিসাব থাকে, সেই স্বপ্ন নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের স্বপ্ন হলো দেশের সব মানুষের একটি করে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করে দেওয়া।
“সেটা প্রচলিত ব্যাংক হিসাব হোক অথবা মোবাইল ব্যাংকিং বা স্কুল ব্যাংকিংয়ের মতো অপ্রচলিত ব্যাংক হিসাব হোক।”
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নর।
আতিউর রহমান বলেন, পাঁচ বছর আগে ২০০৯ সালে প্রচলিত ব্যাংক হিসাব ছিল তিন কোটি ৭৬ লাখ। সে সময় অপ্রচলিত কোনো হিসাব ছিল না।
“এখন প্রচলিত ৫ কোটি হিসাবের সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় দশ টাকায় কৃষকসহ অন্যদের নামে খোলা এক কোটি ৪০ লাখ এবং মোবাইল ব্যাংকিংয়ের আওতায় দুই কোটি ব্যাংক হিসাব যোগ করলে মোট ব্যাংক হিসাব প্রায় সাড়ে আট কোটি হবে।”
কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, ব্যাংক ঋণের সুদের হার এখন কমতির দিকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। বৈদেশিক মুদ্রা বিনিময় হারও স্থিতিশীল।
“সাধারণত অর্থনীতির অন্যতম প্রধান এই তিন সূচক ইতিবাচক রাখা যায় না। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপের ফলে এখন তা সম্ভব হয়েছে।”
আতিউর রহমান বলেন, ২০০৯ সালে বিতরণ করা ব্যাংক ঋণের পরিমাণ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪৩ শতাংশ। ২০১৩ সালে তা বেড়ে হয়েছে ৫৫ শতাংশ। বেসরকারি খাতের ঋণ ৩৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪৪ শতাংশ।
প্রতি এক হাজার কিলোমিটারে ব্যাংকের শাখা ৪৮টি থেকে বেড়ে ৫৯টি হয়েছে। এটিএম বুথ ৮টি থেকে বেড়ে হয়েছে ৩৫টি।
আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিআইবিএমের অধ্যাপক শাহ মো. আহসান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ২০১৩ সালের ব্যাংকিং কার্যক্রমের পর্যালোচনা বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।
গবেষণাপত্রে তিনি ব্যাংক খাতের বিভিন্ন সূচক বিশেষ করে নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা, তারল্য ব্যবস্থাপনা, ইসলামী ব্যাংকিং, ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর আলোকপাত করেন।
ব্যাংক ঋণের ৩৯ শতাংশই ব্যবসায়
তৌফিক আহমেদের গবেষণাপত্রে বলা হয়েছে, ২০১৩ সালে অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১২ শতাংশ। ২০১২ সালে বেড়েছিল ১৮ শতাংশ। এসব ঋণের বেশিরভাগই যাচ্ছে ব্যবসা খাতে।
“গত বছর মোট ঋণের ৩৯ শতাংশ দেওয়া হয়েছে ব্যবসা খাতে এবং ২০ শতাংশ গেছে শিল্প খাতে। কৃষি খাতে ঋণ কম গেলেও প্রবৃদ্ধি ছিল সবচেয়ে বেশি, ২৩ দশমিক ৪৮ শতাংশ।”
গবেষণাপত্রের তথ্য অনুযায়ী, ব্যবসায়িক সেবা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে বেসরকারি ব্যাংক। ২০১৩ সালে রপ্তানি আয়ের ৭৪ শতাংশ এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। সরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ শতাংশ।
একইভাবে আমদানি বাণিজ্যের ৬৯ শতাংশ হয়েছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। বাকি ৩১ শতাংশ হয়েছে সরকারি ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।
দুই দিনব্যপী সম্মেলনের প্রথম দিন শনিবার বিভিন্ন বিষয়ের ওপর মোট ১২টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
রোববার উপস্থাপন করা হবে ১০টি গবেষণাপত্র।
