২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের ‘রোল মডেল’ বাংলাদেশ: তোফায়েল

বিএনপি দেখতে না পেলেও বিদেশিরা বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নে ‘রোল মডেল’ হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 08:45 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

বুধবার বন্দর নগরীর হালিশহর গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় মাঠে চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিষয়ক গবেষণা ও বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্‌স ‍বলছে, যে এগারটি দেশ অর্থনৈতিক উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তার অন্যতম।

“স্বাধীনতার পর যে দেশ মাত্র ৩৪৮ মিলিয়ন ইউএস ডলার রপ্তানি করেছিল সে দেশ ২০১৩-১৪ বছরে ৩০ বিলিয়নের বেশি রপ্তানি করেছে।”

তোফায়েল বলেন, “শুধু তাই নয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে শর্তগুলো পূরণ করার কথা ২০১৫ সালে, বাংলাদেশ তার অধিকাংশই অর্জন করেছে ২০১৩ সালের মধ্যে।

“বিদেশিরা এসে বলছে- বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু বিএনপি কোনো উন্নয়ন দেখতে পাচ্ছে না।“

রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, “শুধু পোশাক শিল্পের উপর নির্ভরশীল না থেকে ঔষধ, শিপ বিল্ডিং, তথ্য-প্রযুক্তি খাতকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে হবে।

“পোশাক শিল্পের রপ্তানি শুধু ইউরোপ-আমেরিকা নির্ভর। কাজেই এ অবস্থা থেকে বের হয়ে চীন, জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়ার বাজার ধরতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”  

বাণিজ্যমন্ত্রী বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ডিউটি ফ্রি অ্যাকসেস না দিলেও অস্ট্রেলিয়া ও অন্যান্য উন্নয়নশীল দেশ বাংলাদেশকে ডিউটি ফ্রি অ্যাকসেস দিয়েছে।” 

প্রতি বছর রপ্তানি আয় তিন বিলিয়ন ডলার করে বাড়িয়ে ২০২১ সালের মধ্যে একে ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার পরিকল্পনা সরকারের আছে বলে জানান মন্ত্রী।

চট্টগ্রামের গ্যাস সংকট নিরসনে শিগগির একটি ভাসমান এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) টার্মিনাল নির্মাণের ঘোষণা দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ টার্মিনাল নির্মাণে প্রয়োজনীয় বিষয়াদি পাস করতে পারচেজ কমিটিকে দ্রুত তাগাদা দিয়েছেন।”

এ গ্যাস টার্মিনাল নির্মাণ হলে চট্টগ্রামে ৫০০ ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে বলে জানান তিনি।

সিএমসিসি‍আই’র সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

সিএমসিসিআই প্রথমবারের মত এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ মাঈনুদ্দিন খান বাদল, সাবেক মন্ত্রী সাংসদ আফছারুল আমিন চৌধুরী, সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, সাংসদ মেহজাবিন মোরশেদ ও সাংসদ ওয়াসিকা আয়েশা খানম, সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এমএ সালাম।