২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগধারা কোন অপশক্তি আটকাতে পারবে না: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের যে ধারা শুরু হয়েছে তা আর কোনো অপশক্তি আটকাতে পারবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 12:19 AM

Updated : 25 Apr 2022, 04:58 PM

বুধবার সোনারগাঁও হোটেলে ‘এসএমই ফাইন্যান্সিং ফেয়ার-২০১৪’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন যৌথভাবে দুদিনব্যাপি এ মেলার আয়োজন করেছে।

অর্থমন্ত্রীর আগে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বর্তমানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১২ শতাংশ। আর মোট ঋণের ৩০ শতাংশ যাচ্ছে এসএমই খাতে।

গভর্নরের দেওয়া এই তথ্য নিয়ে কথা শুরু করে অর্থমন্ত্রী বলেন, “বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১২ শতাংশ। এটা তাবৎ অর্থনীতির জন্য ভালো খবর। এর অর্থ বিনিয়োগ বাড়ছে। আমি বছরের শুরু থেকে চিৎকার করে যাচ্ছি বিনিয়োগ হচ্ছে না।

“এখন গভর্নর যে খবর শোনালেন তাতে মনে হচ্ছে বিনিয়োগকারীরা বিনিয়োগ শুরু করেছেন। আমি এখন আশা করি, বিনিয়োগকারীরা এ ধারা অব্যাহত রাখবেন।”

হরতাল-অবরোধের মত রাজনৈতিক কর্মসূচিকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, “আমাদের তো আবার গণ্ডগোল করে সব পণ্ড করার অভ্যাস আছে। সেটা যেন না হয়। আমি মনে করি এটা সম্ভবও হবে না।

“কারণ বিনিয়োগকারীরা ৭/৮ মাস অপেক্ষা করে বিনিয়োগ শুরু করেছে, তাদেরকে আর কোনো অপশক্তি আটকাতে পারবে না। তা সে যত বড় দুর্বৃত্তই হোক।”

মুহিত বলেন, “এছাড়া দেশে বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে। কারণ অভ্যন্তরীণ চাহিদা বেশ চাঙ্গা।”

অর্থনীতিতে এসএমই খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এসএমই হলো দেশের অর্থনীতির প্রাণ শক্তি। দেশের কৃষি, শিল্প, সেবা বা ব্যবসা সব ক্ষেত্রে এসএমই খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি দেশের অর্থনীতিতে অতি ক্ষুদ্র খাতের অবদান ঈর্ষণীয়।

“দেশের ব্যাপক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা হয়েছে অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা বিবেচনা করে। ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত নামকারণের পরিবর্তে এখন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাত নাম হওয়া দরকার।”

এর আগে গভর্নর আতিউর রহমান তার বক্তব্যে বলেন, “মোট ঋণের এক তৃতীয়াংশ এখন যাচ্ছে এসএমই খাতে। এটা আরও কিভাবে বাড়ানো যায় ব্যাংকগুলোকে সেদিকে জোর দিতে হবে।

“বিশেষ করে তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তাদের প্রাথমিক মূলধন জোগানে এগিয়ে আসতে হবে। ঝুঁকি নিয়ে হলেও ক্ষুদ্র উদোক্তাদের সহায়তা করতে হবে।”

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, “ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অনুপ্রাণিত করতে পারলে কৃষির মতো শিল্প খাতেও বিপ্লব ঘটানো সম্ভব। এসএমই খাতকে এগিয়ে নিতে সুদ হার সিঙ্গেল ডিজিটে রাখতে পারলে ভালো।”

সুদহার অন্তত ১০ শতাংশে রাখার অনুরোধ করেন তিনি।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিবুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিম ও বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নের মাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে মোট আটটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।