চার মাসে রেমিটেন্স ৫০২ কোটি ডলার
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৫০২ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৫৫ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বলেন, “ঈদ ও দূর্গা পুজার ছুটির কারণে প্রায় এক সপ্তাহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় সর্বশেষ অক্টোবর মাসে রেমিটেন্স কিছুটা কম এসেছে। তবে চার মাসের হিসাবে ভালো প্রবৃদ্ধি হয়েছে।”
অর্থবছরের পরের মাসগুলোতে রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
“২০১৩-১৪ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে আগের বছরের একই সময়ের চেয়ে যেখানে ১১ দশমিক ৩৫ শতাংশ রেমিটেন্স কম এসেছিল; সেখানে ২০১৪-১৫ অর্থবছরের প্রথম চার মাসে ১১ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।”
বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে প্রবাসীরা বাংলাদেশিরা সব মিলিয়ে ৫০২ কোটি (৫ দশমিক ০২ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।
গত অর্থবছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল ৪৫০ কোটি (৪ দশমিক ৫ বিলিয়ন) ডলার। এ হিসাবে আলোচ্য সময়ে রেমিটেন্স বেড়েছে ১১ দশমিক ৫৫ শতাংশ।
সদ্য সমাপ্ত অক্টোবর মাসে ১০১ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৪৯ কোটি ১৪ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল এক মাসের হিসাবে এ যাবতকালের সর্বোচ্চ রেমিটেন্স।
পরের মাস অগাস্টে রেমিটেন্স এসেছিল ১১৭ কোটি ৪৪ লাখ ডলার। সেপ্টেম্বরে ১৩২ কোটি ডলার।
অক্টোবর মাসে রেমিটেন্স কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ছাইদুর রহমান বলেন, রোজা ও কোরবানির ঈদের কারণে জুলাই ও সেপ্টেম্বর মাসে বেশি রেমিটেন্স এসেছিল। ঈদের পরের মাসে সব সময়ই কম রেমিটেন্স পাঠান প্রবাসীরা।
অক্টোবরে রেমিটেন্স কম এলেও কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার মজুদ (রিজার্ভ) এখনও ২২ বিলিয়ন ডলারের উপরে অবস্থান করছে।
সোমবার রিজার্ভের পরিমাণ ছিল ২২ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দিয়ে প্রায় সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
তবে চলতি সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে বলে জানান ছাইদুর রহমান।
২০০৯ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার। ২০১৩ সালের এপ্রিল মাসে তা ১৫ বিলিয়ন ডলারে পৌঁছে।
চলতি বছরের এপ্রিল মাসে রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়ায়। ৩০ জুন রিজার্ভের পরিমাণ ছিল ২১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।
৭ অগাস্ট রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়ায়।
