২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবারও ব্যাংক খোলা শিল্পাঞ্চলে

ঈদের আগে লেনদেনের সুবিধার্থে শিল্পাঞ্চলে শনিবারও ব্যাংক খোলা থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2014, 07:08 PM

Updated : 22 Aug 2022, 07:14 PM

বুধবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শিল্প এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা খোলা থাকবে। 

এর আগে গত ২২ সেপ্টেম্বর এক সার্কুলারে শুক্রবার শিল্পাঞ্চলে ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের তৈরি শিল্প সংশ্লিস্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখতে হবে।’

ওই দিন অফিসে যোগদানকারী কর্মীদের সম্মানজনক যুক্তিসংগত ভাতা দেওয়ারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে শনিবার ব্যাংক খোলা রাখার জন্য সনাতন ধর্মাবলম্বীদের সম্পৃক্ত না করতে বলা হয়েছে সার্কুলারে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক এস এম রবিউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পোশাককর্মীদের বেতন-ভাতা দেওয়ার সুবিধার্থে এই নির্দেশনা দেওয়া হলেও শনিবার নির্ধারিত সময় পর্যন্ত সবাই লেনদেন করতে পারবেন।”